২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ‘ইচ্ছাকৃত’ বিস্ফোরণে আহত ২৯

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম‌্যানহাটনে এক বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 08:53 AM

Updated : 11 Oct 2022, 08:43 PM

শনিবার রাতের এ বিস্ফোরণে ম‌্যানহাটনের চেলসি এলাকা প্রকম্পিত হয়ে ওঠে বলে গণমাধ‌্যমের খবরে বলা হয়েছে।

বিস্ফোরণটিকে ‘ইচ্ছাকৃতভাবে’ ঘটানো অপরাধ বলে বর্ণনা করেছে কর্তৃপক্ষ, তবে তদন্তকারীরা এ ঘটনার সঙ্গে ‘সন্ত্রাসের কোনো যোগাসূত্র’ খুঁজে পাননি বলে জানিয়েছেন তারা।

নিউ ইয়র্কের মেয়র বিল ‌দ‌্য ব্লাসিও ও অন‌্যান‌্য নগর কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তকারীরা বিস্ফোরণের কারণ হিসেবে গ‌্যাস লিকের সম্ভাবনা বাতিল করেছেন, কিন্তু তারা এটিকে বোমা বিস্ফোরণও বলছেন না এবং কীভাবে বিস্ফোরণটি ঘটেছে বলে তারা মনে করেন তাও জানাতে রাজি হননি।

চেলসির বাসিন্দা নেহা জৈন (২৪) জানিয়েছেন, বাসায় বসে তিনি সিনেমা দেখছিলেন, তখন বিকট বিস্ফোরণের শব্দ পান এবং পুরো বাড়ি কেঁপে ওঠে।

তিনি বলেন, “দেয়াল থেকে সব ছবি পরে যায়, পর্দাগুলো উড়তে থাকে যেন বাতাসের ঝাপটা লেগেছে। তারপর ধোঁয়ার গন্ধ পাই। কী হয়েছে দেখতে নিচে নামার সঙ্গে সঙ্গেই দমকল কর্মীরা আমাদের ফিরে যেতে বলে।”

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই স্থানীয় বাসিন্দারা বের হয়ে আসায় চার ব্লক দূরে তার দিয়ে প্রেসার কুকারের সঙ্গে সংযুক্ত একটি সেল ফোন (মোবাইল) আবিষ্কৃত হয়, এটি সম্ভবত ‘দ্বিতীয় আরেকটি ডিভাইস’।

সিএনএন-র প্রতিবেদনে আইন প্রয়োগকারী সূত্রগুলোর বরাত দিয়ে বলা হয়েছে, এই ‘ডিভাইসটির’ কাছেই কিছু লেখা একটুকরো কাগজ পাওয়া গেছে।

আইন প্রয়োগকারী কর্মকর্তা ক্রিস্টোফার পিসানো জানিয়েছেন, আরো পরীক্ষা করে দেখার জন‌্য বস্তুটি নিরাপদে পুলিশের একটি ফায়ারিং রেঞ্জে সরিয়ে নেওয়া হয়েছে এবং সতর্কতা হিসেবে ওই এলাকার আশপাশের বাসিন্দাদের রাস্তার দিকে মুখ করা জানালা থেকে সরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৩ সালে বস্টন ম‌্যারাথন বোমা হামলায় প্রেসার কুকারের ভিতরে বিস্ফোরক ভরে সময় নিয়ন্ত্রকের সাহায‌্যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ম‌্যাসাচুসেটসের দুই ভাইয়ের চালানো ওই হামলায় তিনজন নিহত ও ২৬০ জন আহত হয়েছিলেন।

এক সপ্তাহ আগে বিশ্ব বাণিজ‌্য কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো উচ্চ সতর্কতাবস্থায় ছিল। সে পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।