চলে গেলেন নাট্যকার এডওয়ার্ড অ্যালবি
প্রখ্যাত মার্কিন নাট্যকার এডওয়ার্ড অ্যালবি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
বিবিসি বলছে, অ্যালবির সহকারী জানিয়েছেন, নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নিজের বাড়িতে শুক্রবার অ্যালবি মারা যান। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
তিনি তিনবার পুলিৎজার পুরস্কার জয় করেছিলেন।
২০০৫ সালে নাট্যকার আর্থার মিলার ও অগাস্ট উইলসনের মৃত্যুর পর তাকেই যুক্তরাষ্ট্রে জীবিত নাট্যকারদের মধ্যে শ্রেষ্ঠতম বলে অনেকে মনে করতেন।
অ্যা ডেলিকেট ব্যালান্স, সিসকেইপ এবং থ্রি টল উইমেন- এই তিনটি রচনার জন্য তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন।
তার নাটকগুলোর মাঝে প্রায়ই আনন্দহীন রসবোধের বিচ্ছুরণ দেখতে পাওয়া যায়। দাম্পত্য, ধর্ম, বেড়ে ওঠা শিশু এবং মার্কিন জীবনযাপন পদ্ধতির অন্ধকার নানা দিকের উন্মোচন ছিল অ্যালবির রচনায়।
অ্যালবির সবচে পরিচিত রচনা, ‘হু’জ অ্যাফ্রেড অব ভারজিনিয়া উলফ?’। নাটকটিতে মার্কিন মধ্যবিত্ত জীবন এবং বিয়ের ক্ষীয়মান ধারা নিয়ে নির্মোহ নিরীক্ষা করা হয়েছে। এই নাটককেই ১৯৬৩ সালে পুলিৎজার পুরস্কার প্রদানে অস্বীকৃতি জানানো হয়। তার আগের বছর ১৯৬২ সালে নাটকটি ব্রডওয়ের মঞ্চে আসে।
পুরস্কারের জন্য গঠিত উপদেষ্টা মণ্ডলীর বক্তব্য, এই নাটক যথেষ্ঠ ‘উঁচুমান’ সম্পন্ন নয়। নাটকটির যৌনমূলক বিষয়াদি ও অপবিত্রতাকে এরজন্য দায়ী করেছিলেন তারা।
শ্রেষ্ঠ নাটক হিসেবে এটি টনি অ্যাওয়ার্ড অর্জন করেছিল। পরবর্তী সময়ে এই নাটকের চলচ্চিত্রায়ন হয় আর তাতে অভিনয় করেন রিচার্ড বার্টন এবং এলিজাবেথ টেইলর।
১৯৯৬ সালে তিনি তৎকালীর মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কাছ থেকে ন্যাশনাল মেডাল অব দি আর্টস-এ ভূষিত হন।
কয়েকবছর আগে অ্যালবির শরীরে বড় ধরনের অস্ত্রোপচার হয়। তার আগে তিনি একটি ছোট্ট বিবৃতি লিখেন, যা তার মৃত্যুর পর প্রকাশিত হবে বলে কথা ছিল।
তিনি লিখেছিলেন, “আমার এই জীবনকে চমৎকার, উত্তেজনায় ভরপুর এবং পরিপূর্ণ করে তুলেছিলেন যারা, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা।”
অ্যালবির দীর্ঘসময়ের সঙ্গী ভাস্কর জোনাথন থমাস ২০০৫ সালে মারা যান।
