নদীর পানি নিয়ে দাঙ্গায় অচল বেঙ্গালুরু
ভারতের দক্ষিণাঞ্চলে কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে দু’রাজ্যের পুরোনো বিবাদকে কেন্দ্র করে দাঙ্গা-সহিংসতা এবং প্রাণহানির পর থমথমে অবস্থা বিরাজ করছে বেঙ্গালুরুতে।
বন্ধ হয়ে গেছে বহু কোম্পানির কাজ। কর্মচারীদেরকে মঙ্গলবার ঘরে থেকেই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এতে করে অনেকটা অলিখিত ধর্মঘটে অচল হয়ে পড়েছে শহরটি।
কাবেরী নদীর পানিবন্টন নিয়ে গত দু’দিন ধরে কর্নাটক ও তামিলনাড়ুতে অশান্তির আগুন জ্বলছে।
জটিল পরিস্থিতিতে শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন করেছেন তিনি। পাশাপাশি তিনি তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গেও দেখা করার জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
কাবেরী নদীর উৎস কর্নাটকে হলেও তা তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। অভিন্ন এ নদীর পানি বন্টন নিয়ে দুই রাজ্যের মধ্যে কয়েক দশক ধরে বিবাদ চলে আসছে।
দুই রাজ্যেই কৃষিতে সেচের জন্য এ নদীর পানি দরকার।
সোমবার ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, কর্নাটক রাজ্যকে প্রতিবেশী তামিলনাড়ুতে আরও বেশি পানি সরবরাহ করতে হবে। কিন্তু পানি সরবরাহের পরিমাণ আর বাড়াতে রাজি নয় কর্নাটক।
সুপ্রিম কোর্টের এ রায় নিয়েই মূলত বেঙ্গালুরুতে দাঙ্গা শুরু হয়। সোমবার সকাল থেকেই দু’রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
বেঙ্গালুরু-সহ কর্নাটকের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় তামিলনাড়ুর নম্বরপ্লেট লাগানো গাড়ি জ্বালিয়ে দেয়। ভাঙচুর হয় স্কুলবাসেও। বন্ধ হয়ে যায় অধিকাংশ স্কুল-কলেজ। দাঙ্গার জেরে অচল হয়ে যায় জনজীবন। ১৬টি জায়গায় কার্ফু জারি করা হয়। বেঙ্গালুরুতে পুলিশের গুলিতে মারা যান একজন।
দাঙ্গা-সহিংসতায় আমাজন এবং ফ্লিপকার্টের মত কোম্পানিগুলোর কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়। পণ্য সরবরাহে বাধার সৃষ্টি হওয়ায় কোম্পানিগুলো আপাতত কাজ বন্ধ রেখেছে।
বেঙ্গালুরু পুলিশ বলছে, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি বজায় রাখার জন্য মানুষের কাছে আবেদন জানিয়ে টুইটও করা হয়েছে। বিক্ষোভের নামে আইন হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
