২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার পঞ্চম ও কথিত বৃহত্তম পারমাণবিক পরীক্ষার জেরে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সম্মত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 04:06 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া পঞ্চমবারের মতো জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে। ২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষার পর প্রথমবারের মতো দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাতিসংঘ।

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্বেও এ নিয়ে চলতি বছর দুটি পারমাণবিক পরীক্ষা চালালো দেশটি।

৯ সেপ্টেম্বর, শুক্রবার দেশটির জাতীয় দিবসে পঞ্চম পারমাণবিক বিস্ফোরণটি ঘটানো হয়। 

এক বিবৃতিতে ভূগর্ভস্থ এই পরীক্ষাটির কথা ঘোষণা করার সময় উত্তর কোরিয়া ‘একটি সার্বভৌম দেশের আত্মরক্ষার অধিকার চর্চা’ অস্বীকার করার জন্য ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শত্রু বাহিনীর হুমকি ও নিষেধাজ্ঞার’ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে।

এর প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে তারা ‘দৃঢ়ভাবে এ পরীক্ষার বিরোধীতা করে’, জাপান এ পরীক্ষার কঠোর প্রতিবাদ জানায় এবং দক্ষিণ কোরিয়া উত্তরের নেতা কিম জং উনকে ‘বাতিকগ্রস্ত উন্মাদ’ বলে বর্ণনা করে।

বিশ্লেষকরা জানিয়েছেন, কিমের প্রপাগান্ডা ক্রমেই আরো আগ্রাসী হয়ে উঠছে। 

নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, “উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্রগুলো ও তাদের নিক্ষেপ মঞ্চগুলো নিখুঁত করার চেষ্টা করছে যেন তারা ওই অঞ্চলের ওপর আধিপত্য বিস্তার করতে পারে এবং তারা পারমাণবিক হামলার হুমকির মুখে বিশ্বকে জিম্মি করতে চায়।

“উত্তর কোরিয়াকে তাদের বেআইনি ও বিপদজনক তৎপরতার ফলাফল দেখাতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করবো আমরা, এগুলোর মধ্যে নতুন নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত থাকবে।”

‘উস্কানিমূলক তৎপরতার ফলাফল উত্তর কোরিয়াকে বহন করতে হবে’ বলে মন্তব্য করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া দেলাত্রে। তিনিও নতুন নিষেধাজ্ঞার পক্ষে মত দেন।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাথায় পারমাণবিক ওয়ারহেড বসানোর প্রচেষ্টার উন্নতি ঘটাতে এসব পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।