ইরাকে আইএসের দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২
বাগদাদের পূর্বাঞ্চলে একটি শপিং মলে ইসলামিক স্টেটের (আইএস) দুটি আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।
শুক্রবার দিনের শেষভাগে এই হামলার ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, দেশটির তেল মন্ত্রণালয়ের কাছে নাকহিল শপিং মলে চালানো এই হামলায় ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় শপিং মলের প্রবেশপথে আর অপর বোমার বিস্ফোরণ ঘটানো হয়ে পার্কিং এলাকায়।
আইএস সমর্থিত আমাক সংবাদ সংস্থা অনলাইনে আইএসের এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে এই দুই আত্মঘাতী হামলাকারীকে নিজেদের সদস্য দাবি করে তাদের একজন শরীরে বিস্ফোরক বেঁধে হামলা চালিয়েছে এবং অপরজন গাড়িবোমা নিয়ে শিয়া অধ্যুষিত ফিলিস্তিন রাস্তায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
২০১৪ সালে ইরাকের এক তৃতীয়াংশ এলাকা দখল করে নেওয়া আইএসের বিরুদ্ধে চলমান লড়াইয়ের ফলে দেশটিতে দীর্ঘকাল ধরে চলে আসা শিয়া-সুন্নি সাম্প্রদায়িক বিভেদ আবারও ভয়াবহ রূপ নিয়েছে।
যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরাকের সরকারি বাহিনী এবং ইরান-সমর্থিত শিয়া আধাসামরিক বাহিনীর অভিযানে ইরাকে দখল করে রাখা অঞ্চল ক্রমান্বয়ে হারাচ্ছে আইএস জঙ্গিরা। আগামী মাসের মধ্যে আইএসের দখলে থাকা মসুল শহর উদ্ধারের ঘোষণা দিয়েছে ইরাক।
