ফ্রান্সে জঙ্গি সন্দেহে তিনজন নারী গ্রেপ্তার
ফ্রান্সে একটি গাড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার পাওয়ার পর জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে তিনজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের কাছে পরিত্যক্ত অবস্থায় ছিল গ্যাস সিলিন্ডার বোঝাই ওই গাড়ি। এর সঙ্গে তিন নারীর সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
গ্রেপ্তার করার সময় ওই নারীদের একজন এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। বাধ্য হয়ে পুলিশ তাকে গুলি করে এবং সে আহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, যে নারী পুলিশের উপর হামলা চালিয়েছে সে পরিত্যক্ত গাড়ির মালিকের নিখোঁজ হয়ে যাওয়া ১৯ বছর বয়সী কন্যা।
গত শনিবার সাতটি গ্যাস সিলিন্ডার বোঝাই ওই গাড়িটি পাওয়া যায়, সাতটির মধ্যে ছয়টি সিলিন্ডারই গ্যাসে পূর্ণ ছিল।
গাড়িটিতে তিনটি জার ভর্তি ডিজেলও পাওয়া গেছে। তবে সেখানে কোনও বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি।
কর্মকর্তাদের আশঙ্কা, সন্ত্রাসীরা গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।
টেলিভিশনে এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাজনভ বলেন, “৩৯, ২৩ ও ১৯ বছর বয়সী ওই তিন নারী চরমপন্থি ও ধর্মান্ধ। খুব সম্ভবত তাৎক্ষণিকভাবে তারা কোনো নৃশংস কাজের প্রস্তুতি নিচ্ছিল।”
পরিত্যক্ত গাড়ির ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত সাত জনকে আটক করা হয়েছে।
