২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে বোরকা নিষিদ্ধের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জার্মানিতে কিছু কিছু ক্ষেত্রে বোরকা পরায় নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমেজিয়ের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 09:33 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

এর একদিন আগেই তিনি বলেছিলেন, সাংবিধানিক বাধার কারণে খুব সম্ভবত বোরকা পরিধান সম্পূর্ণ নিষিদ্ধ করা সম্ভব হবে না।

ডেমেজিয়ের বলেন, “আমরা মুখমণ্ডল ঢেকে রাখা পোশাক বাতিল করছি- কেবল বোরকা নয়, বরং অন্য যেকোনও ধরনের পর্দা যেটাতে শুধু চোখ ছাড়া মুখমণ্ডলের আর কোনো অংশ দেখা যায় না- সেরকম পোশাকই এর আওতায় পড়বে।”

“আমাদের স্বাধীন সমাজের সঙ্গে বোরকা মানানসই নয়। সামাজিক সুসংহতি, আমাদের জীবনযাপন ব্যবস্থা এবং পরষ্পরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য মুখমণ্ডল দেখতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা সবাইকে এমন পোশাক পরার আহ্বান জানাচ্ছি যাতে তাদের মুখমণ্ডল স্পষ্ট দেখা যায়।”

এ প্রস্তাব আইনে পরিণত হতে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।

এ আইন চালু হলে জনসম্মুখে নারীদের সম্পূর্ণ মুখমণ্ডল ঢাকা পোশাক পরা যাবে না। স্কুল, বিশ্ববিদ্যালয়ে এবং গাড়ি চালানোর সময় মুখমন্ডল ঢাকা পোশাক পরা নিষিদ্ধ থাকবে।

সম্প্রতি জার্মানিতে হওয়া কয়েকটি সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

গত বছর থেকে বিভিন্ন মুসলিম দেশের রেকর্ড সংখ্যক শরণার্থী জার্মানিতে আশ্রয় নেওয়ায় মুখমণ্ডল ঢাকা পোশাক নিষিদ্ধ করা বা না করা নিয়ে চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের জোট সরকার দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।

জার্মানিতে কত শতাংশ মুসলিম নারী সমস্ত মুখমণ্ডল ঢাকা বোরকা পরেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই।

জার্মানির ‘সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিম’ এর প্রধান আইমান মাজিয়েক রয়টার্সকে বলেন, জার্মানির খুব কম নারীই সমস্ত মুখমণ্ডল ঢাকা বোরকা পরেন।

২০০৯ সালে ‘ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি’ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, জার্মানিতে বসবাসরত দুই-তৃতীয়াংশ মুসলিম নারী এমনকি হিজাবও পরেন না।