ব্যক্তিগত ইমেইল ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন পাওয়েল: হিলারি
হিলারি ক্লিনটনকে ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। গোয়েন্দা সংস্থা এফবিআই এর কাছে হিলারি এমনটিই দাবি করেছেন বলে জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।
বৃহস্পতিবার পত্রিকাটির খবরে বলা হয়, মঙ্গলবার এফবিআই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে যে ‘নোট’ পাঠিয়েছে সেখান থেকে তারা এ তথ্য পেয়েছে।
এফবিআই এর কর্মকর্তারা ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে ডেমক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারিকে প্রশ্ন করেন এবং কংগ্রেসের কাছে পাঠানো ‘নোটে’ ওই জিজ্ঞাসাবাদের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে বলেও জানায় পত্রিকাটি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে দাপ্তরিক কাজে ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহার করেন হিলারি। এক বছর আগে এ খবর জনসম্মুখে প্রকাশ পাওয়ার পর হিলারিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং গত এক বছর ধরে কয়েকবার হিলারিকে এফবিআই- এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।
এ কাণ্ডের কারণে এমনকি হিলারির দক্ষতা এবং তিনি জনগণের আস্থার যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে, যাদের মধ্যে অন্যতম হলেন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
নিউ ইয়র্ক টাইমসের খবরে আরও বলা হয়, শিগগিরই বাজারে একটি বই আসছে যেখানে এক সান্ধ্যকালীন ভোজে পাওয়েল ও হিলারির আলাপের বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেই আলাপের এক পর্যায়েই পাওয়েল গোপন তথ্য আদান-প্রদান ছাড়া অন্যান্য কাজে হিলারিকে তার ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন বলে জানানো হয়।
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে পাওয়েল কিভাবে ইমেইলে তথ্য আদান-প্রদান করতেন সে বিষয়ে ২০০৯ সালে হিলারি তার কাছ থেকে জানতে চেয়েছিলেন বলেও পত্রিকাটির খবরে জানানো হয়।
যদিও রয়টার্সের পক্ষ থেকে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। হিলারির প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
পাওয়েলের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, তিনি সান্ধ্যকালীন ভোজের কথপোকথন মনে করতে পারেননি।
“তিনি (পাওয়েল) সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে একটি ইমেইল মেমো লিখে পাঠিয়েছিলেন। সেখানে তিনি গোপনীয় নয় এমন বার্তা পাঠানোর ক্ষেত্রে নিজের ব্যক্তিগত এওএল ইমেইল একাউন্ট ব্যবহারের বিষয়ে বর্ণনা করেন।” তবে তিনি হিলারিকেও একই কাজ করার পরামর্শ দিয়েছিলেন কিনা তা বিবৃতিতে বলা হয়নি।
তবে ওই সময়ে পররাষ্ট্র অধিদপ্তরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত হয়েছিলে সেটি বিবৃতিতে বলা হয়েছে। এ সম্পর্কে বলা হয়, ওই সময় অধিদপ্তরে এর সমতুল্য অন্য কোনও ব্যবস্থাও ছিল না।
তবে গোপন তথ্য আদান- প্রদানে পাওয়েল অধিদপ্তরের একটি সুরক্ষিত কম্পিউটার ব্যবহার করতেন বলেনও ওই বিবৃতিতে জানানো হয়।
পাওয়েল বলেন, ২০০১ সালে তিনি যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তখন অধিদপ্তরে সম্পূর্ণ কার্যকর ইমেইল ব্যবস্থা ছিল না। এ কারণে ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহার করা ছাড়া বিকল্প ছিল না।
গত মাসে এফবিআই- এর পরিচালক জেমস কোমেই বলেছিলেন, দাপ্তরিক কাজে ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহারের কারণে হিলারির বিরুদ্ধে কোনও আইনি অভিযোগ আনা হবে না।
তবে দেশের সর্বোচ্চ কুটনৈতিক পদের দায়িত্বরত অবস্থায় ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনভাবে’ গোপন তথ্য আদান-প্রদানের কারণে তিনি হিলারিকে তিরস্কার করেন।
