যুক্তরাজ্য থেকে পরিবার নিয়ে ‘উধাও’ উত্তর কোরীয় কূটনীতিক
যুক্তরাজ্যে কর্মরত উত্তর কোরিয়ার এক কূটনীতিক পক্ষত্যাগ করে পরিবার নিয়ে পালিয়ে গেছেন বলে খবর এসেছে গণমাধ্যমে।
থায়ে ইয়ং হো নামের ওই কূটনীতিক ‘তৃতীয় কোনো দেশে’ (দুই কোরিয়া ছাড়া) আশ্রয়ের আবেদন করেছেন বলে দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং ইবোর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ও কোরিয়া দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ আগে থায়ে ইয়ং ও তার পরিবার পশ্চিম লন্ডনের বাড়ি থেকে উধাও হওয়ার পর দূতাবাসের পক্ষ থেকে খোঁজখবর করা হয়। কিন্তু তাদের হদিস মেলেনি।
থায়ে ইয়ং যুক্তরাজ্যে উত্তর কোরীয় রাষ্ট্রদূতের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবার নিয়ে দশ বছর ধরে দেশটিতে বসবাস করা এ কূটনীতিকের দায়িত্ব ছিল ব্রিটিশদের কাছে উত্তর কোরিয়ার ‘ভাবমূর্তির’ উন্নয়নে কাজ করা।
তার মূল দায়িত্ব ছিল উত্তর কোরিয়া ও দেশটির বর্তমান শীর্ষ নেতা কিম জং উনের নামে ‘মিথ্যা ও অপপ্রচারমূলক’ বিভ্রান্তি দূর করা।
কূটনীতিক থায়ের ‘পক্ষত্যাগ’ উত্তর কোরিয়ার ক্ষমতাসীনদের বিব্রত করবে বলে ধারণা করছেন লন্ডনভিত্তিক চ্যাথামহাউজ থিংক ট্যাংকের এশিয়া বিষয়ক বিশ্লেষক নিলসন-রাইট।
তিনি বলেন, “শীর্ষ এ কূটনীতিকের পক্ষত্যাগ তাদের শাসকগোষ্ঠীকে গভীরভাবে লজ্জায় ফেলে দেবে।”
এ ঘটনা কূটনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে মন্তব্য তার।
