২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমময় পাণিপ্রার্থনা, নাকি পুরুষালী আধিপত্য

অলিম্পিক পদক জয়ের পর পুরস্কারের মঞ্চে চীনা সাঁতারু হে জিকে তার প্রেমিকের দেওয়া বিয়ের প্রস্তাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 12:20 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

নেটিজেনদের মতামত ঘেঁটে একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি। পাণিপ্রার্থনার সেই দৃশ্য দর্শকরা দারুণ উপভোগ করেছে, কিন্তু হে জি?

কেউ কেউ একে হবু দম্পতির ‘প্রেমময় বহিঃপ্রকাশ’ বলে উচ্ছ্বাস প্রকাশ করলেও অনেকে আবার সেভাবে দেখতে রাজি নন। তাদের মতে, এটি আসলে ‘পুরুষ আধিপত্যবাদের নির্লজ্জ উদাহরণ’।

নারীদের তিন মিটার স্প্রিংবোর্ডে রুপা জিতেছেন হে জি। তার প্রেমিক চিন কাইও পুরুষদের একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। গত রোববার জি পুরস্কার জেতার পরপরই হাঁটু গেড়ে তাকে বিয়ের প্রস্তাব দেন চিন।  

প্রস্তাব পাওয়ার পর হে জির চোখে পানি দেখেছে গোটা বিশ্ব; খানিকটা সময় পর মুখে ফুটেছে হাসি, দীর্ঘ সময় নিয়ে সম্মতি জানিয়েছেন সাত বছরের প্রেমিককে। 

পুরস্কারের মঞ্চে পাণিপ্রার্থনার এ ঘটনা ফেইসবুক, টুইটার ও উইবুতে উসকে দিয়েছে বিতর্ক। 

গু জুয়েয়াং নামের একজন চীনা মাইক্রোব্লগিং সাই উইবুতে লিখেছেন, “চাপ দেওয়ার কী অদ্ভুত কায়দা; একান্ত ব্যক্তিগত এবং জীবনকে বদলে দেওয়ার বিষয়ে এমন এক সময় মেয়েটিকে সিদ্ধান্ত দিতে হবে, যখন সারা বিশ্ব তার দিকে তাকিয়ে আছে।”

ওই আচরণের সমালোচনা করে তিনি লিখেছেন, “মেয়েটি যদি তখন প্রত্যাখ্যান করত, বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে সে হয়ে যেত এক নিষ্ঠুর নারী। রোমান্টিক একটা পর্দা আছে বটে, কিন্তু অনুভূতি আমাকে অন্য কথা বলছে।”

আরেক উইবু ব্যবহারকারী বিষয়টিকে দেখছেন ওই জুটির ‘প্রচার পাওয়ার চেষ্টা’ হিসেবে। তার ভাষায়, চীনের নতুন সোনার জুটি হয়ে ওঠার সব রকম সুযোগই অলিম্পিকের মঞ্চে ছিল।

অলিম্পিক মঞ্চে পাণিপ্রার্থনার সেই ছবি আর খবর সংবাদমাধ্যমগুলো যেভাবে ফলাও করে ছেপেছে, তাকে ‘সেক্সিস্ট’ মনে হয়েছে বিবিসির ফেইসবুক পাতায় মন্তব্যকারীদের কারও কারও কাছে। তাদের মতে, অলিম্পিকের মত একটি বৈশ্বিক প্রতিযোগিতায় হে জির অর্জনের চেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গণমাধ্যম অনেক বেশি মাতামাতি করেছে।

“মানুষ চিরদিনই বিয়ে করে আসছে। কিন্তু অলিম্পিকে মেডাল জয়ের সুযোগ খুব কম লোকেরই হয়। নাকি একজন পুরুষ তাকে গ্রহণ করছে বলে মেয়েটির স্বস্তি পাওয়া উচিৎ,” লিখেছেন ফেইসবুক ব্যবহারকারী জো ম্যাকগেচান।

‘আধিপত্যের কৌশল’

যুক্তরাজ্যের লেখিকা সানি সিং বিয়ের ওই প্রস্তাবকে দেখছেন ‘পুরুষতান্ত্রিকতার’ নজির হিসেবে। বিবিসিকে তিনি বলেছেন, এর মধ্যে  ‘রোমান্টিক কিছু নেই’।

“এটা একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা; যেখানে বলা হচ্ছে- তুমি হয়তো এইমাত্র অলিম্পিকে পদক জিতেছ, তুমি হয়ত কোনো কোম্পানির সিইও, কিংবা মহাকাশযানের নকশা তৈরি করতে পার; কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল তুমি আমার স্ত্রী।”

ওই দৃশ্যপট একটু পাল্টে দিয়ে সবাইকে কল্পনা করতে বলছেন সানি সিং। কোনো পুরুষ, ধরা যাক মাইকেল ফেলপস এইমাত্র পদক জিতেছেন, আর একজন নারী এসে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। কী ঘটত তখন?  

সানির ধারণা, দর্শকরা হেসেই খুন হয়ে যেত।

“পুরুষরা যখন জয়ী হয়, তারা আশা করে, নারীরা তাদের পেছনে দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করবে।”

পদক জেতার পর হে জির প্রেমিক তার আবেগময় মুহূর্তের সুযোগ নিয়েছে বলেও সানির ধারণা।

“ওই সময় ‘না’ করে দিতে হলে আপনাকে হতে হবে অনেক বেশি সাহসী। আপনি পদক জিতেছেন, আপনার সামনে অগুণতি দর্শক, সারাজীবনের চেষ্টায় আজ আপনি এখানে। এরকম একটা মুহূর্তে মানবশ্রেষ্ঠও আবেগে দুর্বল হয়ে পড়বেন। আর মেয়েদের তো ছোটবেলা থেকেই শেখানো হয়- ‘তোমাকে হতে হবে নম্র, ‘না’ বলা চলবে না।”

অবশ্য রিও অলিম্পিকে এটাই একমাত্র বিয়ের প্রস্তাব নয়। এর আগে নারীদের উইমেন রাগবি সেভেনের ফাইনাল শেষে মারজোরি এনায়া নামের এক স্বেচ্ছাসেবী ব্রাজিলের খেলোয়াড় ইসাদোরা সেরুলোকে বিয়ের প্রস্তাব দেন।

তবে দুই ঘটনাকে এক করে দেখতে রাজি নন সানি। তার মতে, সমলিঙ্গের ওই জুটির ঘটনা পুরস্কারের মঞ্চকে ‘ছিনতাই’ করেনি।

‘অলিম্পিক তাদের উপলক্ষ’

সবার মতামত অবশ্য সানি সিংয়ের মত নয়। অনেকের ভাষ্য, কাই চিন তার আনন্দ ‘সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন’ এবং এখানে দোষের কিছু নেই।

‘দ্য প্রোপোজারস’ নামের এক প্রতিষ্ঠানের মালিক ডেইজি আমোদিও’র মতে, ওই ঘটনা ‘স্বাভাবিক’, কেননা ওই জুটির দুজনই ক্রীড়াবিদ।

“অলিম্পিক তাদের জন্য অনেক কিছু। চার বছর ধরে তারা প্রশিক্ষণ নিয়েছে, একাগ্রতা আর শ্রম দিয়েছে। তাহলে কেন তারা পুরস্কারের মঞ্চকে বেছে নিতে পারবে না?

“তাদের মনে হতেই পারে, ‘আমরা খুব দুর্দান্ত কিছু করেছি, চলো তাহলে এবার বিয়ে করি।’ এটা সত্যিই বিশেষ কিছু”, বলেন ডেইজি।

প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দেওয়াকে অনেকে ঝুঁকিপূর্ণ, কেউ কেউ ‘অন্যায়’ মনে করলেও এটি ততোখানি ‘বিপদজনক’ নয় বলে মনে করেন ডেইজি।

“আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে যে আপনার প্রস্তাব নাকচ হবে না। অনেক মেয়েই তো প্রেমিকের কাছে প্রস্তাব পাওয়ার জন্য বারবার অনুনয় করে। আমি নিজেই পাঁচ বছর অপেক্ষা করেছি।”

প্রোপোজারসের এই প্রতিষ্ঠাতা জানান, তার কোম্পানি যতগুলো বিয়ের প্রস্তাব নিয়ে কাজ করেছে, তার অর্ধেকেরও বেশির আয়োজন ছিল জনসম্মুখে। যদিও গত কয়েকবছরে প্রকাশ্যে প্রস্তাবের বিষয়ে পরামর্শ নিতে আসা গ্রাহকের সংখ্যা কমেছে।

“অনেকেই এখন ভিড়ের চেয়ে সুন্দর কোনো স্থানে বিয়ের প্রস্তাব দিতে আগ্রহী।”

চিনের প্রস্তাবে হে জি’র চেয়ে দর্শকের উচ্ছ্বাস বেশি ছিল, এ নিয়েও ‘বিস্মিত নন’ ডেইজি।

“মানুষ সুখের গল্প দেখতে চায়; বিশেষ করে যখন চারদিকে কেবল হতাশা আর বিপদের খবর।”