আয়কর বিবরণী প্রকাশ করেছেন হিলারি
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও তার রানিংমেট টিম কাইন নিজেদের আয়কর বিবরণী প্রকাশ করেছেন।
শুক্রবার নিজের এই আয়কর বিবরণী প্রকাশ করেন হিলারি।
বিবরণী অনুযায়ী, গত বছর হিলারি ও তার স্বামী বিল ক্লিনটনের আয় এক কোটি ৭৫ লাখ মার্কিন ডলার এবং তারা ৩৪ দশমিক ২ শতাংশ হারে আয়কর দিয়েছেন।
২০১৫ সালে দাতব্য সাহায্য হিসেবে ১০ লাখ মার্কিন ডলার পেয়েছেন ক্লিনটন দম্পতি, সেগুলোর অধিকাংশই এসেছে ক্লিনটন ফাউন্ডেশনের নামে।
বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রায় ৫৩ লাখ মার্কিন ডলার আয় করেছেন। আর নিজের বইয়ের জন্য প্রকাশকের কাছ থেকে গত বছর ৩০ লাখ মার্কিন ডলার পেয়েছেন হিলারি।
এদিকে ভার্জিনিয়ার সিনেটর কাইন ও তার স্ত্রী অ্যানি হলটন তাদের ১০ বছরের আয়কর বিবরণী প্রকাশ করেছেন। ২০১৫ সালে তারা ২০ দশমিক ৩ শতাংশ হারে আয়কর দিয়েছেন।
আয়কর বিবরণী প্রকাশের পর ক্লিনটনের প্রচারণা শিবিরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “হিলারি ক্লিনটন ও টিম কাইন আর্থিক স্বচ্ছতার একটি মান নির্ধারণ করেছেন।
“অন্যদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিথ্যা অজুহাত তুলে তা (আয়কর বিবরণী) লুকাতে চাইছেন। অতীতে ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তিনি তা প্রত্যাখান করছেন।”
প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা তাদের আয়কর বিবরণী জনসম্মুখে প্রকাশ করেন। যদিও তা প্রকাশে কোনো বাধ্যবাধকতা নেই।
১৯৭৭ সাল থেকে নিজেদের আয়কর বিবরণী প্রকাশ করে আসছেন ক্লিনটন দম্পতি।
অন্যদিকে নিউ ইয়র্কের ব্যবসায়ী ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশ করবেন না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ইন্টারনাল রেভেনিউ সার্ভিস তাদের অডিট শেষ না করা পর্যন্ত তিনি জনসম্মুখে নিজের আয়কর বিবরণী প্রকাশ করবেন না।
গত কয়েক দশকের মধ্যে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট প্রার্থী যিনি নিজের আয়কর বিবরণী প্রকাশ করছেন না।
