হাফিংটন পোস্ট ছাড়ছেন প্রতিষ্ঠাতা আরিয়ানা হাফিংটন
জনপ্রিয় নিউজ ওয়েবসাইট হাফিংটন পোস্টের সহ-প্রতিষ্ঠাতা আরিয়ানা হাফিংটন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
হাফিংটন পোস্টের প্রধান সম্পাদকের দায়িত্ব ছেড়ে তিনি নতুন কোম্পানি ‘থ্রাইভ গ্লোবাল’ নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন ট্যুইটারে। স্বাস্থ্য ও কল্যাণ বিষয়ক নতুন একোম্পানিটি নভেম্বর থেকে চালু হচ্ছে।
হাফিংটন পোস্টকে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত করার জন্য সব সহকর্মীকে আন্তরিক শ্রদ্ধা জানান আরিয়ানা।
যুক্তরাষ্ট্রের বহুজাতিক গণমাধ্যম করপোরেশন ‘এওএল’ ২০১১ সালে ৩১ কোটির বেশি ডলার দিয়ে হাফিংটন পোস্টের মালিকানা কিনে নিয়ে আরিয়ানাকে প্রেসিডেন্ট করে।
বর্তমানে বিশ্বের বৃহত্তম অনলাইন গণমাধ্যমগুলোর শীর্ষ পর্যায়ে অবস্থান করা হাফিংটন পোস্ট ১১ বছর ধরে চালিয়ে আসছেন আরিয়ানা। বিভিন্ন ক্যাটাগরির নিউজ প্রকাশ করা ছাড়াও তাদের ব্লগ আছে।
আরিয়ানা একাধারে হাফিংটন পোস্ট মিডিয়া গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও প্রধান সম্পাদক। একইসঙ্গে ১৫টি বইয়ের লেখিকাও তিনি।
২০০৫ সালে আরিয়ানা অন্য আরও তিনজনের সঙ্গে মিলে হাফিংটন পোস্ট প্রতিষ্ঠা করার মাত্র ১১ বছরের মধ্যে এটি বিশ্বের অনলাইন সংবাদমাধ্যমের বড় ধরনের নেটওয়ার্কে পরিণত হয়।
২০১২ সালে নিউজ ওয়েবসাইটটি জাতীয় প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কার জিতে।
আরিয়ানা নিজেও টাইম ম্যাগাজিনের ১শ’ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান এবং ফোর্বসের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায়ও ছিলেন তিনি।
