পাঁচজনে একজন রিপাবলিকান ট্রাম্পকে চান না
যুক্তরাষ্ট্রে আর প্রায় তিন মাস পরই প্রেসিডেন্ট নির্বাচন। অথচ রিপাবলিকান দলের নিবন্ধিত ভোটারদের ৫ জনে একজন অর্থাৎ, এক-পঞ্চমাংশই এখনও চান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
বুধবার রয়টার্স পরিচালিত ওই জনমত জরিপের ফল প্রকাশ করা হয়।
জরিপে দেখা যায়, ১৯ শতাংশ ভোটার মনে করেন ট্রাম্পের নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানো উচিত। ৭০ শতাংশ ভোটার চায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন এবং ১০ শতাংশ ভোটার মত প্রকাশ করেননি। ৫ থেকে ৮ অগাস্ট এ জরিপ পরিচালিত হয়।
ট্রাম্পকে আটকাতে রিপাবলিকান দলের অনেক প্রভাবশালী নেতাই কোনও ধরনের রাখঢাক ছাড়া তার বিরুদ্ধে কাজ করছেন। অনেকে এমনকি প্রতিদ্বন্দ্বী ডেমক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন।
জেব বুশসহ বেশ কয়েকজন রিপাবলিকান নেতা সব ধরনের প্রচার-প্রচারণা থেকে নিজেদের সরিয়ে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
এর মধ্যে সোমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সাবেক প্রধান নীতি পরিচালক ইভান ম্যাকমুলিন।
৪০ বছর বয়সী ম্যাকমুলিন বলেন, রক্ষণশীল ভোটারদের জন্য ট্রাম্পের বিকল্প প্রার্থী দরকার। এ কারণেই তিনি প্রার্থিতা ঘোষণা করেছেন।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, “এমন একটি বছর যাচ্ছে, যে সময় আমেরিকানরা বড় দুই দলের প্রার্থীদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। এখন নতুন প্রজন্মের নেতৃত্ব গ্রহণের সময় হয়েছে।”
একইদিন রিপাবলিকান দলীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের ৫০ জনের একটি দল এক খোলা চিঠিতে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন।
‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অপরিণামদর্শী প্রেসিডেন্ট হতে পারেন’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
চিঠিতে তারা বলেন, “বৈদেশিক নীতি নির্ধারণের বিষয়গুলো বিবেচনায় নিলে ডোনাল্ড ট্রাম্প একজন প্রেসিডেন্ট এবং দেশের প্রধান হিসেবে কাজ করার যোগ্যতাই রাখেন না।”
৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।
কিন্তু ডেমক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন বা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কেউই মার্কিন ভোটারদের মধ্যে জনপ্রিয় নন।
নিউইয়র্কের আবাসন ব্যবসায়ী ট্রাম্পের রাজনৈতিক জ্ঞান বিশেষ করে বৈদেশিক নীতি সম্পর্কিত অভিজ্ঞতা একেবারেই না থাকায় রিপাবলিকানরাই তার উপর আস্থা রাখতে পারছেন না। তার উপর নির্বাচনী প্রচারাভিযানের শুরু থেকেই লাগামহীন বক্তব্য, বিশেষ করে অভিবাসী ও মুসলিমদের নিয়ে তার বিদ্বেষপূর্ণ মনোভাব সমালোচনার ঝড় তুলেছে।
অন্যদিকে, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় নিজের ই-মেইল বার্তা আদান প্রদাণে অদক্ষতার পরিচয় দিয়েছেন হিলারি।
পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ইমেইল পাঠানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্তও চলছে।
