২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে অভ্যুত্থান তদন্তে গ্রেপ্তার ১৬ হাজার মানুষ

তুরস্কে ব্যর্থ অভ্যূত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে ১৬ হাজার জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Aug 2016, 07:52 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

বিচারমন্ত্রী বেকির বোজদাগ মঙ্গলবার একথা জানিয়ে বলেন, আটক আরও ছয় জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রাষ্ট্র পরিচালিত আনাদলু বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বোজদাগ আরও বলেন, এখনও ৭৬৬৮ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

১৫ জুলাই তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান সরকারকে উৎখাতের চেষ্টা করে ব্যর্থ হয়। ওই ঘটনায় প্রায় আড়াইশ’ মানুষ নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়।

ব্যর্থ অভ্যূত্থান প্রচেষ্টার পর বিচারক, সেনা সদস্য, পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও শিক্ষকসহ কয়েক হাজার মানুষকে আটক, অব্যাহতি বা বরখাস্ত করা হয়।

প্রেসিডেন্ট এরদোয়ানের অভিযোগ, যুক্তরাষ্ট্রে বসবাসরত তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারীরাই অভ্যূত্থানের চেষ্টা করেছে।

যদিও গুলেন এ অভিযোগ অস্বীকার করে অভ্যূত্থান প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন।

তুর্কি কর্তৃপক্ষের অভিযোগ, গুলেনের অনুসারীরা কয়েক বছর ধরে স্মার্টফোনে ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে পরষ্পরের মধ্যে যোগাযোগ রাখত।

দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টারনেটে অনুপ্রবেশের মাধ্যমে গুলেনের অনুসারীদের খুঁজে বের করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে তারা।