২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে জন্মদিনের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ১৩

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় রুয়্যাঁ শহরের একটি বারে জন্মদিনের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 11:45 AM

Updated : 12 Apr 2022, 02:36 AM

শনিবার মধ্যরাতে কিউবা লিবহা বারে হওয়া এ অগ্নিকাণ্ডে আরও ছয়জন আহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বের্না ক্যাসিনোভে এক বিবৃতিতে বলেছেন, বারের বেইজমেন্ট থেকে ওই আগুনের সূত্রপাত হয়।

আগুন নেভাতে ৫০ জনেরও বেশি দমকলকর্মীকে ডাকা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

জন্মদিনের কেকে থাকা মোমবাতি থেকে ‘দুর্ঘটনাবশত’ আগুন ছড়িয়ে পড়ে বলে ফরাসি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

হতাহতদের সবার বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে বলে জানিয়েছে প্যারিস-নরমান্ডি নিউজ।

জঙ্গি হামলায় নিহত যাজক জ্যাম এমেলের শেষকৃত্য গত সপ্তাহে এ শহরেই অনুষ্ঠিত হয় বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

৮৪ বছর বয়স্ক এমেলকে গত মাসে উত্তর নরম্যান্ডির একটি চার্চে গলা কেটে হত্যা করা হয়, যার দায় স্বীকার করেছে আইএস।