পাকিস্তানে সামরিক সাহায্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
পাকিস্তানে ৩০ কোটি মার্কিন ডলার সামরিক সাহায্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
হাক্কানি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের ভূমিকা সন্তোষজনক না হওয়ায় পেন্টাগন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
পেন্টাগনের মুখপাত্র এডাম স্টাম্প বলেছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এখনও ওই গোষ্ঠীটির বিরুদ্ধে পাকিস্তানের অভিযানে সন্তোষ প্রকাশ না করায় পাকিস্তান সরকারকে তহবিল দেওয়া যাচ্ছে না।
পেন্টাগনের এ পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হোঁচট খেতে পারে বলেই এ সম্পর্কিত প্রথম প্রতিবেদনে মন্তব্য করেছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা।
পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসাবেই তালিকাভুক্ত করেছে। সহিংস এ বিদ্রোহী গেরিলা দলটি পাক-আফগান সীমান্তের উভয়পাশেই সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে।
কংগ্রেস বলছে, সামরিক সাহায্য বাবদ ১শ’ কোটি মার্কিন ডলারের মধ্যে যে ৩০ কোটি ডলার পাকিস্তানকে দেওয়ার কথা ছিল সেটি তখনই দেওয়া সম্ভব হবে যদি প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার হাক্কানি গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ে সন্তোষ প্রকাশ করেন।
এই প্রথম পাকিস্তানের সেনাবাহিনীর জন্য মার্কিন সহায়তা দিতে প্রতিরক্ষামন্ত্রীর সম্মতির প্রয়োজন পড়ল বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।
২০১৬ সালের আর্থিক বছরে পাকিস্তানকে সামরিক সাহায্যের জন্য ৯০ কোটি ডলার অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস। এর মধ্যে ৩৫ কোটি ডলার সহায়তা দেওয়ার জন্য প্রতিরক্ষামন্ত্রীর সম্মতি লাগবে।
