‘বিষাক্ত গ্যাস’ হামলা: আলেপ্পোর বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ
সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীরা ‘বিষাক্ত গ্যাস’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
রুশ সামরিক বাহিনী জানিয়েছে, তারা তাদের এই অভিযোগ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সরকারি বাহিনী নিয়ন্ত্রিত আলেপ্পোর এলাকাগুলোতে ‘বিষাক্ত গ্যাস’ ভরা গোলা নিক্ষেপ করছে বিদ্রোহীরা।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মঙ্গলবারের ওই হামলায় সাতজন নিহত হয়েছেন এবং ২০ জনেরও বেশি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে রাশিয়ার এই অভিযোগ স্বনির্ভর কোনো সংস্থা বা ব্যক্তি নিশ্চিত করেনি বলে জানিয়েছে বিবিসি।
সোমবার রাতে ইদলিব প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি টাউনে ক্লোরিন গ্যাস ফেলা হয়েছে এমন খবর আসার পর আলেপ্পোর বিদ্রোহীদের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ উঠলো। ইদলিব প্রদেশের ওই টাউনটির কাছে এর আগে একটি রুশ সামরিক হেলিকপ্টার বিদ্রোহীদের গুলিতে ভূপাতিত হয়েছিল।
গত কয়েক সপ্তাহ ধরে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো অবরুদ্ধ করে রেখেছে সিরীয় সরকারি বাহিনী। চলতি সপ্তাহের প্রথমদিকে সরকারি অবরোধ ভাঙার প্রচেষ্টায় ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করে বিদ্রোহীরা। কিন্তু সরকারি বাহিনীর দৃঢ় প্রতিরোধে বিদ্রোহীদের প্রচেষ্টা ব্যাহত হয়।
সরকারি বাহিনীর এই প্রতিরোধে সমর্থন দিতে বিদ্রোহী অবস্থানগুলোর ওপর বোমা হামলা চালায় রুশ জঙ্গিবিমানগুলো, এতে বিদ্রোহীরা চাপে পড়ে। তারপর থেকে আলেপ্পোতে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।
এই লড়াই থেকেই এক সময়ের সিরিয়ার প্রধান বাণিজ্য নগরী আলেপ্পোর ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। পাঁচ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
