রাশিয়ায় জিহাদের ডাক আইএসের
নয় মিনিটের এক ভিডিও বার্তায় দলের সমর্থকদের রাশিয়ায় হামলা (জিহাদ) চালানোর আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।
রোববার ইউটিউবে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওয় মরুভূমিতে গাড়ি চালানো এক মুখোশধারীকে বলতে শোনা যায়, “শুনুন পুতিন, আমরা রাশিয়ায় আসব এবং আপনাকে আপনার বাড়িতে হত্যা করব…ভাইয়েরা, জিহাদ করুন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন ও তাদের হত্যা করুন।”
সাবটাইটেল দেওয়া ভিডিওটির এক পর্যায়ে দেখা যায়, মরুভূমিতে অস্ত্রধারী ব্যক্তিরা সাঁজোয়াযান ও তাঁবুতে হামলা চালিয়ে অস্ত্র সংগ্রহ করছে।
রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে আইএস এর ব্যবহৃত একটি টেলিগ্রাম ম্যাসেজিং একাউন্টে ভিডিও ফুটেজটির লিংক প্রকাশ করা হয়েছিল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে দেশটির ইসলামিক স্টেট ও আল কায়দা জঙ্গিদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া।
গত কয়েক সপ্তাহে ইউরোপজুড়ে বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানিতে ক্রমাগত ভয়াবহ হামলার ঘটনা ঘটছে এবং ওই সব হামলার বেশির ভাগের দায়ই স্বীকার করেছে আইএস।
