২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে প্রতিবন্ধী সেবাকেন্দ্রে হামলাকারীর বাড়িতে তল্লাশি

জাপানে একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ছুরিকাঘাতে ১৯ জনকে হত্যার অভিযোগে আটক সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 09:57 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

২৬ বছর বয়সী সাতোশি ইমাসু সেবাকেন্দ্রটির সাবেক কর্মী।

সাদা পোশাকে প্রায় ছয়জন পুলিশ ইমাসুর বাড়িতে প্রবেশ করে। এসময় সেখানে অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মঙ্গলবার প্রথম প্রহরে রাজধানী টোকিও থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণপশ্চিমে কানাগাওয়া প্রদেশের সাগামিহারা এলাকায় ওই প্রতিবন্ধী সেবাকেন্দ্রে হামলায় আরও অন্তত ৪৫ জন আহত হয়েছে।

হামলার পর ইমাসু নিজেই নিকটবর্তী একটি থানায় হাজির হন। যদিও ওই সময় তার হাতে কোনো ছুরি ছিল না।

ইমাসুকে সাগামিহারা শহরের একটি আঞ্চলিক কারাগারে রাখা হয়েছিল।

বুধবার তাকে সেখান থেকে টোকিও’র দক্ষিণপশ্চিমের জেলা ইয়োকোহামার পাবলিক প্রসিকিউটর কার্যালয়ে পাঠানো হয়।

ভিডিও ফুটেজে পুলিশের গাড়িতে বসা ইমাসুকে হাসতে দেখা যায়।

সাতোশি আদালতে বলেছেন, “আমি মনে করি প্রতিবন্ধীরা সমাজ ও দেশের বোঝা। তারা দেশের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমি তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহৃ করে দিতে খুনের পরিকল্পনা করি।”

“প্রথমে খুন করতে খারাপ লেগেছিল, কিন্তু পরবর্তীতে যখন তাদের কষ্টের কথা মনে হয়েছে তখন ছুরি দিয়ে একে একে তাদের কাঁধে বুকে, পেটে আঘাত করি। আমি যখন আঘাত করি, তখন অনেককে শান্ত-শিষ্ট দেখতে পেয়েছিলাম। ধারাল ছুরির ভয়ে অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।”

সাগামিহারা প্রতিবন্ধী সেবা কেন্দ্রে  স্মরণকালের ভয়াভয় এই নৃশংসতায় পুরো জাপানই ছিল স্তম্ভিত।