২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি সেনা অভিযানে হামাস যোদ্ধা নিহত

ফিলিস্তিনের পশ্চিমতীরে চালানো  অভিযানে এক হামাস যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Jul 2016, 03:36 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

বুধবারের এ অভিযানে নিহত ব্যক্তি চলতি মাসের প্রথমদিকে ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরে চলন্ত গাড়ি থেকে গুলি করে  ইহুদি ধর্মাবলম্বী রাব্বি মাইকেল মার্ককে হত্যা করেছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।  

বুধবার ভোররাতে পশ্চিমতীরের ফিলিস্তিনি শহর হেবরনের কাছে সুরিফ গ্রামে অভিযানটি চালানো হয়।

অভিযান চলাকালে ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে অনেকক্ষণ ধরে গোলাগুলি চলে বলে জানিয়েছেন সুরিফের বাসিন্দারা। 

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী ১ জুলাই হামলার জন্য দায়ী এক ব্যক্তিকে হত্যা করেছে, যে হামলায় রাব্বি মাইকেল মার্ক নিহত হয়েছিলেন।

১ জুলাইয়ের ওই ঘটনায় মার্ক নিজে গাড়ি চালিয়ে ‍যাওয়ার সময় অপর একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়।

ইসরায়েলি সেনারা আরো তিন হামাস যোদ্ধাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।

নিহত ফিলিস্তিনিকে মোহাম্মদ আল ফাকিহ বলে শনাক্ত করেছে হামাস। ফাকিহ হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডের সদস্য ছিলেন বলে জানা গেছে।

যে বাড়িটিতে ফাকিহ আশ্রয় নিয়েছিলেন তা ইসরায়েলি অভিযানের সময় ক্ষতিগ্রস্ত হয়। পরে একটি ইসরায়েলি বুলডোজার বাড়িটি গুঁড়িয়ে দেয়।

গেল অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল অধিকৃত এলাকার বিভিন্ন সড়কে ফিলিস্তিনিদের অতর্কিত হামলায় অন্ততপক্ষে ৩৩ জন ইসরায়েলি ও দুই মার্কিন পর্যটক নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলিদের চালানো পাল্টা হামলা ও অভিযানে এ পর্যন্ত অন্ততপক্ষে ২০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহত ফিলিস্তিনির মধ্যে ১৩৯ জনকে হামলাকারী বলে দাবি করেছে ইসরায়েল। নিহত অন্যান্য ফিলিস্তিনিরা প্রতিবাদ বিক্ষোভের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।