২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিপাবলিকান দলের প্রার্থিতা নিশ্চিত করলেন ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Jul 2016, 10:48 AM

Updated : 12 Apr 2022, 02:29 AM

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে ট্রাম্পকে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয় বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

১৩ মাসের মনোনয়নযুদ্ধ শেষে ট্রাম্পকে এ মনোনয়ন দেয়া হলো। প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থিতা নিশ্চিত করতে এই সময়ের মধ্যে মার্কিন ধনকুবের ট্রাম্প ১৬ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেছেন।

ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র নিউ ইয়র্কে রিপাবলিকান দলের সমর্থকদের উদ্দেশ্যে জানান, তার বাবা রিপাবলিকান কনভেনশনে প্রতিনিধিদের উপস্থিতি-ভোটে প্রার্থিতা নিশ্চিত করেছেন।

তিন ভাইবোনকে পাশে নিয়ে ট্রাম্প জুনিয়র বলেন, “প্রতিনিধিদের ভোটে সবার উপরে থাকা ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত।”

“অভিনন্দন বাবা, আমরা তোমাকে ভালোবাসি।”-বলেন তিনি।

বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসে ট্রাম্প সব মিলিয়ে ১৭২৫ জন রিপাবলিকান প্রতিনিধির সমর্থন পেয়েছেন। প্রার্থিতা নিশ্চিত করতে তার প্রয়োজন ছিল ১২৩৭ জনের সমর্থন।

প্রতিদ্বন্দ্বী মার্কিন সিনেটর টেড ক্রুজ পেয়েছিলেন ৪৭৫ জন প্রতিনিধির সমর্থন, ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর কাসিচ পেয়েছিলেন ১২০ জনের সমর্থন; আর ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও’র পক্ষে ছিলেন ১১৪ জন।

মনোনয়ন যুদ্ধের সময়ই ট্রাম্প ছাড়া সবাই সরে দাঁড়ালে ট্রাম্পের প্রার্থিতা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। মঙ্গলবার জাতীয় কনভেনশনে তার ‘প্রার্থিতার’ আনুষ্ঠানিক ঘোষণা এল। 

কনভেনশনে প্রতিনিধিরা কণ্ঠভোটে মাইক পেন্সকে ট্রাম্পের রানিং-মেট হিসেবে মনোনয়ন দিয়েছেন।

নভেম্বরের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে লড়বেন আবাসন ব্যবসায়ী ট্রাম্প। এখনো চূড়ান্ত মনোনয়ন না পাওয়া হিলারি আগামী সোমবার থেকে শুরু হওয়ার ডেমক্রেটিক ন্যাশনাল কনভেনশনে প্রার্থিতা নিশ্চিত করবেন বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর ট্যুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ফার্স্টলেডি হিলারি।

“মাত্রই ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে রিপাবলিকান পার্টি। ওভাল অফিসে তার পা পড়বে না এমনটা নিশ্চিত করাই এখন আমাদের দায়িত্ব।”

মঙ্গলবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের সর্বশেষ জনমত জরিপেও হিলারি ট্রাম্পের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আছেন; এক সপ্তাহ আগেও এই ব্যবধান ১৫ পয়েন্ট ছিল বলে জানিয়েছে রয়টার্স।