২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে মাওবাদীদের বোমায় ১০ ভারতীয় কমান্ডো নিহত

ভারতের বিহার রাজ্যের আওরঙ্গবাদ জেলায় মাওবাদীদের হামলায় আধাসামরিক বাহিনীর অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 01:51 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

সোমবারের এই হামলায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত আরো ছয়টি টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। মাওবাদীদের বিরুদ্ধে অভিযান এখনো চলছে বলে জানিয়েছেন তারা।

নিহত কমান্ডোরা ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) অভিজাত কোবরা ব্যাটেলিয়নের সদস্য।

বিহারের রাজধানী পাটনা থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণে ডুমরিনালা বনে মাওবাদীদের হাতে তৈরি বোমা (আইইডি) বিস্ফোরণে তারা নিহত হন।

আহত কমান্ডোরা এখনও নিজেদের পোস্টে অবস্থান করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।  

ঘটনার সময় কমান্ডোদের সঙ্গে বন্দুক লড়াইয়ে চার মাওবাদী নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিরাপত্তা বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “পোস্টের মধ্যেই আট জওয়ান নিহত হন, অন্য দুজন পোস্ট থেকে বের হওয়ার পর মারা যান।”

মাওবাদীরা ওই এলাকায় আরো বোমা পেতে রাখতে পারে সন্দেহে সেখানে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, আইএনএসএএস রাইফেল ও গ্রেনেড লঞ্চার উদ্ধার করা হয়েছে।

জঙ্গলের ওই এলাকায় মাওবাদীদের একটি প্লাটুনের অবস্থানের খবর পেয়ে সেখানে নিরাপত্তা বাহিনীর একটি টিম অভিযান চালাতে যায়, কমান্ডোরা তাদের সহায়তা করছিল।

ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতের ২৮টি রাজ্যের মধ্যে ২০টিতে মাওবাদীরা তৎপর এবং এসব এলাকায় তাদের কয়েক হাজার যোদ্ধা রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।