২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি ‘মডেল’ খুনের অভিযোগে ভাই গ্রেপ্তার

পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা কান্দিল বালুচকে খুনের জন্য তার ভাই ওয়াসিম বালুচকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 02:22 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

২৫ বছর বয়সী ওয়াসিমকে শনিবার রাতে পাকিস্তানের মধ্যাঞ্চলীয় শহর ডেরা গাজি খান থেকে গ্রেপ্তার করা হয়, জানিয়েছে বিবিসি। 

ডন সংবাদপত্র জানিয়েছে, নিজের বোনকে মাদক খাওয়ানোর পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে ওয়াসিম।

বালুচ নামকে ‘অসম্মান’ করার জন্য বোনকে খুন করার কথা জানিয়েছে সে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভঙ্গীতে তোলা ছবি, মন্তব্য ও ভিডিও পোস্ট করে পাকিস্তানের ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন ২৬ বছর বয়সী কান্দিল।

সম্প্রতি পোস্ট করা এক মুফতির সঙ্গে তোলা তার একটি ছবি বেশ বিতর্ক তৈরি করে। এই ছবির জন্য ওই মুফতি একটি ধর্মীয় কমিটির সদস্যপদ হারান বলে খবর প্রকাশ হয়। 

পুলিশ জানিয়েছে, মুফতি কাভির সঙ্গে তোলা কান্দিলের ওই ‘সেলফিগুলো’ খুনের অন্যতম কারণ বলে উল্লেখ করেছে তার ভাই।

ডনের প্রতিবেদনে প্রকাশিত উদ্ধৃতিতে ওয়াসিম বলেছে, “আমি যে তাকে খুন করতে পারি সে তা ধারণা করতে পারেনি। আমি তাকে একটি ট্যাবলেট খেতে দেই, তারপর শ্বাসরোধে হত্যা করি।”

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে পাকিস্তানের মুলতানের কারিমাবাদ এলাকায় বোনকে খুন করার পর ওয়াসিম ডেরা গাজি খান শহরে পালিয়ে যায়।

পালানোর সময় দুই বন্ধু ওয়াসিমের সঙ্গে ছিল এবং তাদের এখনও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

২০১৪ সালে কান্দিল ক্যামেরার সামনে ‘পাউট’ করে তোলা একটি ভিডিওতে ‘আমাকে কেমন দেখাচ্ছে?’ জিজ্ঞেস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়। এরপরই তিনি ব্যাপক পরিচিতি পেয়ে তারকা হয়ে ওঠেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের পুরুষতান্ত্রিক সমাজের তীব্র সমালোচনা করেন। পাকিস্তানের অনেক তরুণ-তরুণী তাকে সাংস্কৃতিক আইকন মনে করতো এবং তার স্বাধীনচেতা মনোভাবের প্রশংসা করতো। কিন্তু অনলাইনে প্রায়ই হুমকিও পেতেন তিনি।   

ডন জানিয়েছে, অধিক নিরাপত্তার জন্য আবেদন করলেও কান্দিলের আবেদন উপেক্ষা করে পাকিস্তান সরকার। তিন সপ্তাহ আগে তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে অধিক নিরাপত্তার জন্য ফের আবেদন করলেও তা উপেক্ষিত হয়।

তথাকথিত ‘সম্মান রক্ষার জন্য’ পাকিস্তানে প্রতি বছর কয়েকশত নারীকে খুন করা হয়।