‘ধর্ম-কর্ম করতেন না’ নিসের হামলাকারী
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক হামলাকারী মোহাম্মাদ ল্যউইজ বুলেলের পরিচয় বৃত্তান্ত জেনে ‘হতবাক’ হয়েছে ফরাসি পুলিশ।
জঙ্গি হামলাকারীদের সম্পর্কে ফরাসী পুলিশের যে পূর্ব ধারণা ছিল- বুলেল এর জীবন বৃত্তান্তের সঙ্গে তার কোনো মিল নেই।
বাস্তিল দিবসের উৎসবে হামলার পর দায় স্বীকার করে আইএস হামলাকারীকে নিজেদের সৈনিক বলে দাবি করলেও তাদের সেই কথিত সৈনিক মোহাম্মাদ ল্যউইজ বুলেল ব্যক্তিগত জীবনে ধর্ম-কর্মে মনোযোগী ছিলেন না বলে জানতে পেরেছে ফরাসি পুলিশ।
খেলাফত প্রতিষ্ঠার নামে ইসলামিক স্টেট-আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলো বিভিন্ন স্থানে হামলা চালানোয় তাদের কর্মীরা ব্যক্তিগত জীবনে ধর্ম-কর্মে মনোযোগী বলে সাধারণ ধারণাও ঠিকছে না হামলাকারী বুলেলের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার পর।
গত ১৪ জুলাই হামলার পর থেকে আমি টেলিভিশনে চোখ রাখছি, পত্র-পত্রিকাগুলো দেখছি। এ রকম একটি ঘটনার প্রেক্ষিতে খুব স্বাভাবিক ভাবেই এখানকার মিডিয়া অত্যন্ত গুরত্বসহকারে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছে।
একাধিক মিডিয়ার সূত্রেই জানতে পারলাম- হামলাকারীর যে প্রোফাইল দেখা যাচ্ছে তাতে ফরাসী পুলিশ হতবাক। আগে ফরাসি কিংবা ইউরোপীয় পুলিশের ধারণা ছিল, যারা জঙ্গি কার্যক্রম বা হামলার সঙ্গে সংশ্লিষ্ট তারা রিলিজিয়াস অ্যাক্টিভিটিতে খুব মনযোগী থাকে। কিন্তু বুলেলের বিষয়ে পুলিশ জানতে পেরেছে – তাকে কখনও কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটি অর্থাৎ নামায-রোজা ইত্যাদি করতে কেউ দেখেনি।
তার প্রতিবেশী এবং স্ত্রীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে সে পর্ক (শুকরের মাংস) খেতো, নিয়মিত অ্যালকোহল গ্রহণ এবং নাইটক্লাবে যাওয়ার অভ্যাসও তার ছিল। আর একটা কাজ সে করত – শরীর চর্চা। দিনের বেশ খানিকটা সময় সে জিমে কাটাত। কেউ কখনও তাকে মসজিদে যেতে দেখে নি।
ভূমধ্যসাগরের তীরবর্তী নিস শহরটি ফ্রান্সের প্রধানতম পর্যটন শহরগুলোর মধ্যে একটি। স্বাস্থ্যকর আবহাওয়া ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যের এই শহরে প্রতিবছরই বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় করেন।
প্রচলিত নিয়ম অনুযায়ী ফ্রান্সের বেশিরভাগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা বছরে পাঁচ সপ্তাহের ছুটি ভোগ করেন; বেশিরভাগই এই ছুটি নেন জুন-জুলাই মাসে।
বাস্তিল দিবস ফ্রান্সের জাতীয় দিবস। প্রতিবছর আড়ম্বরপূর্ণভাবে এই দিবসটি উদযাপন করে ফরাসীরা। ১৪ জুলাই রাতে নিসে আতশবাজি পোড়ানো দেখতে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার মানুষ।
হামলার পর পুলিশবেষ্টিত ট্রাকের যেসব ছবি সংবাদমাধ্যমে এসেছে, তাতে চালকের আসনের সামনে থাকা গ্লাসজুড়ে (উইন্ড শিল্ড) অসংখ্য গুলির দাগ দেখা যায়। ছবি: রয়টার্স
হ্যাঁ এটা ঠিক যে, গত জানুয়ারিতে শার্লি এবদুর ঘটনা ঘটেছে, গতবছর নভেম্বরে কনসার্টে হামলার ঘটনা ঘটেছে…।তাদের শঙ্কা ছিল ইউরো কাপ টুর্নামেন্টে হামলার ঘটনা ঘটতে পারে। সে কারণে সে বিষয়ে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল। আর এমনিতেও লোকজন একটা ভীতির মধ্যে ছিল, বাস্তিল দিবস উদযাপনের মধ্যে দিয়ে সেই ভীতিটা থেকে সাময়িক মুক্তি চাচ্ছিল তারা।
হামলাকারী বুলেল নিস শহরেরই অধিবাসী। শহরের পুলিশ স্টেশনের দেড় কিলোমিটার দূরে এক বাসায় থাকতেন তিনি। খুব বেশি পড়ালেখা করতে না পারা বুলেল পেশায় ছিলেন পরিবহন শ্রমিক।
তিউনিসীয় বংশোদ্ভূত হলেও বুলেলের জন্ম ও বেড়ে ওঠা ফ্রান্সে। তার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল চুরি ও নারী নির্যাতনের। নিজের স্ত্রীকে অসম্ভব নির্যাতন করতেন তিনি। বছর খানেক আগে তার স্ত্রীর তিন ছেলে মেয়েসহ আলাদা থাকতে শুরু করেন। এই অভিযোগ আদালতে উঠলে তাকে শহরত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।
হামলার দায় স্বীকার করে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস। সংশ্লিষ্ট ‘আমাক’ নিউজ এজেন্সিতে ইস্যু করা ওই বিবৃতিতে বুলেলকে ‘নিজেদের সৈনিক’ দাবি করে আন্তর্জাতিক এই জঙ্গিগোষ্ঠীটি।
হামলাকারী বুলেলের বিরুদ্ধে কোনো জঙ্গি কার্যক্রমের তথ্য পুলিশ রেকর্ডে ছিল না। কিন্তু এই ঘটনার পর পুলিশ তার বাসায় গিয়ে তার কম্পিউটার জব্দ করে। সেখানে দেখা যায়, শার্লি এবদু থেকে এই পর্যন্ত ফ্রান্স এবং বেলজিয়ামে আইএস যে হামলাগুলো চালিয়েছে – প্রত্যেক হামলাকারীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
