পেশোয়ারের স্কুলে হামলার পরিকল্পনাকারী ড্রোন হামলায় নিহত
পাকিস্তানের পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত স্কুলে হামলা চালিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে হত্যার প্রধান পরিকল্পনাকারী আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন।
বুধবার যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এ তথ্য দিয়েছে বলে দ্য ডন জানিয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জেনারেল জন নিকলসন পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল রাহেল শরিফকে ‘সন্ত্রাসী উমর নারায় ওরফে খলিফা উমর ওরফে খালিদ খুরসানির’ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর চালানো হামলার প্রধান পরিকল্পক ছিলেন উমর নারায়। ওই হামলায় স্কুলটির ১২২ জন শিক্ষার্থী ও ২২ জন শিক্ষক ও কর্মী নিহত হন।
উমর নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) অন্যতম নেতা। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত অনুযায়ী, ৯ জুলাই আফগানিস্তানের নানগারহার প্রদেশের বন্দর এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার উমর নিহত হয়েছেন।
২০১৫ সালের সেপ্টেম্বরে পেশোয়ারের বাদাবের এলাকায় পাকিস্তান বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে ২৯ জনকে হত্যার জন্য এবং ২০১৬ সালে পাকিস্তানের চারসাদ্দায় বাচা খান বিশ্ববিদ্যালয়ে চালানো হামলার জন্যও উমরকে দায়ী করা হয়।
বিশ্ববিদ্যালয়ে চালানো হামলায় ১৮ জন শিক্ষার্থী ও ফ্যাকাল্টি মেম্বার নিহত হয়েছিলেন।
উমরের আগে টিটিপি-র বেশ কয়েকজন নেতা যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন।
২০১৩-র নভেম্বরে টিটিপি-র প্রধান হাকিমুল্লাহ মেহসুদ উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছিলেন। তার আগে ২০০৯ সালের অগাস্টে টিটিপি-র প্রতিষ্ঠাতা বাইতুল্লাহ মেহসুদও দক্ষিণ ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছিলেন।
নিহত দুই মেহসুদ পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানেও তৎপর থাকার কারণে তারা যুক্তরাষ্ট্রের প্রতি গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত হন। হাকিমু্ল্লার পরিকল্পনায় ২০০৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ক্যাম্প চ্যাপম্যান ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। তাতে সিআইএ-র সাত গোয়েন্দা নিহত হয়েছিলেন।
অপরদিকে খাইবার পাখতুন খোয়ায় পাকিস্তান সামরিক বাহিনীর এক অভিযানের পর আফগানিস্তানে পালিয়ে গিয়েছিলেন উমর। তিনি আফগান অথবা যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে কখনো কোনো তৎপরতা চালাননি, তার তৎপরতা শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ ছিল।
তাকে যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল না। তবে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তানের বেলুচিস্তানে আফগান তালেবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার চারদিন পর উমরকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
তবে তারপরও এই প্রথম শুধু পাকিস্তানে তৎপর থাকা এক পাকিস্তানি তালেবান নেতাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র। এটি বিশ্বব্যাপী সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নীতির কৌশলগত পরিবর্তন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
