২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজার গাছ পোড়ানোয় বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ

সাধের গাঁজার গাছ পুড়িয়ে দেয়ায় ক্ষিপ্ত এক ছেলে নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ করতে পুলিশের দ্বারস্থ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 01:24 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসির বরাতে বিবিসি বলছে, মঙ্গলবার অস্ট্রেলিয়ার ডারউইনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর হাম্পটি ডু-র পুলিশ এ অভিযোগ পায়।

মাদকাসক্ত হওয়ার চেয়েও ‘গাছ পোড়ানো বড় অপরাধ’ হতে পারে এমনটা ভেবে বাবার বিরুদ্ধে ছেলে ওই অভিযোগ আনে বলে এবিসিকে জানান হাম্পটি ডু পুলিশের ডিউটি সুপারিনটেন্ডেন্ট লুইজ জর্গেনসন।

“গতকাল সন্ধ্যায় ছেলেটির বাবা ক্যানাবিস (গাঁজা) গাছ আগুনে নিক্ষেপ করে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। এরপরই ক্ষিপ্ত ছেলে আমাদের ডাকে এবং সবকিছু খুলে বলে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ছেলে বাবার বিরুদ্ধে গাছ পোড়ানোর অভিযোগ করে এবং বাসায় থাকা তার জিনিসপত্র নিয়ে আত্মীয়ের বাড়ি চলে যায়।

ছেলের বাবা পরে পুলিশকে বলেন, বারবার নিষেধ করার পরও না শোনায় বাধ্য হয়ে তিনি ছেলের গাঁজা গাছ পুড়িয়ে ধ্বংস করে ফেলেন।

বাবা কিংবা ছেলে কারও নাম-পরিচয় জানায়নি পুলিশ। তাদের বিরুদ্ধে কোন আনুষ্ঠানিক অভিযোগও আনা হয়নি বলে জানিয়েছে বিবিসি।

“ছেলেটির মর্যাদার কথা চিন্তা করে যা যা আলামত অবশিষ্ট ছিল তা ধ্বংস করে ফেলা হয়েছে। মানুষ সাধারণত তার মাদক ধ্বংস বা চুরি যাওয়ার কথা বলে না; এক্ষেত্রে সেটা ঘটেছে, তাই আমরা এটি ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি”, বলেন জার্গেনসন।