জটিলতা দেখে ব্রেক্সিট নেতারা সরে যাচ্ছেন: জাঙ্কার
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়টি জটিল হয়ে পড়েছে। এ অবস্থায় দায়িত্ব নেওয়ার পরিবর্তে ব্রেক্সিট নেতারা সরে দাঁড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার।
তিনি ব্রেক্সিটের পক্ষে অন্যতম প্রধান দুই প্রচারণাকারী লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন এবং ইউনাইটেড কিংডম ইন্ডিপেনডেন্স পার্টির (ইউকেআইপি) প্রেসিডেন্ট নাইজেল ফারাজের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন।
সোমবার ইউরোপীয় পার্লামেন্টে জাঙ্কার বলেন, “গতকালের ব্রেক্সিট নায়কেরা আজ দুঃখি ব্রেক্সিট নায়ক হয়ে গেছেন।”
২৩ জুন যুক্তরাজ্যে ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে রায় আসে। যুক্তরাজ্যের এই গণভোটকে সংক্ষেপে বলা হচ্ছে ‘ব্রেক্সিট’।
রায় প্রকাশের দিনই পদত্যাগের ঘোষণা দেন ইইউতে থেকে যাওয়ার পক্ষে প্রচারণাকারী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ক্যামেরনের পদত্যাগের ঘোষণার পর অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ জনসনকে যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী বলে ধরে নিয়েছিলেন।
নিজের ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনসন ব্রেক্সিটের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন।
কিন্তু গত বৃহস্পতিবার সবাইকে হতবাক করে দিয়ে তিনি কনজারভেটিভ দলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ান।
ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে যুক্তরাজ্যের সদস্যদের (এমইপিএস) মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টে ইউকেআইপি ব্রিটেনের সবচেয়ে বড় দল হিসাবে প্রতিনিধিত্ব করছে। সেখানে দলটির ২২ জন এমইপিএস রয়েছে।
সোমবার ইউকেআইপি প্রেসিডেন্ট ফারাজ দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ব্রেক্সিটের মাধ্যমে ‘রাজনৈতিক লক্ষ্য পূরণ হয়েছে’ এবং ‘এখন নিজের জীবন ফেরত চান’ মন্তব্য করে ফারাজ পদত্যাগের ঘোষণা দেন।
স্তাসবুর্গে জাঙ্কার ব্রেক্সিট নেতাদের ‘পশ্চাদভিমুখ জাতীয়তাবাদী’ বলে বর্ণনা করেন।
তিনি বলেন, “যখন পরিস্থিতি জটিল হতে থাকে তখন দেশপ্রেমীরা পদত্যাগ করে না, বরং তারা (পরিস্থিতি মোকাবেলার জন্য) থেকে যায়।”
“উন্নয়ন পরিকল্পনা করা বাদ দিয়ে তারা এখন নৌকা ত্যাগ করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল
