রাষ্ট্রীয় কোষাগারে ৫ লাখ ডলার ফেরত দিতে হবে জুমাকে
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে সরকারি কোষাগারে ৫ লাখ ৯ হাজার ডলার ফেরত দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তি মালিকানাধীন বাড়ির উন্নয়নে সরকারের যে অর্থ ব্যয় করেছেন জুমা, এ তারই অংশ।
বিবিসি বলছে, ২০০৯ সালে নিজের বাড়ির উন্নয়নের কাজে সরকারের টাকা ব্যয় করায় রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার ফেরত দিতে চলতি বছরের শুরুর দিকে জুমাকে নির্দেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত।
আর এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্টকে অর্ধ মিলিয়ন ডলার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
জুমার নিজের বাড়ি উন্নয়নের মধ্যে অ্যাম্পিথিয়েটার, সুইমিং পুল, গবাদিপশু রাখার ঘের ইত্যাদিও রয়েছে।
জুমাকে অবশ্যই এই অর্থ ফেরত দিতে হবে। ৪৫ দিনের মধ্যে দিতে হবে মোট ব্যয়ের ৩ শতাংশ।
পাবলিক প্রটেকটর হিসেবে পরিচিত দুর্নীতি-বিরোধী একটি সংস্থা ২০১৪ সালে ঘোষণা দেয়, প্রেসিডেন্ট জুমা দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাতাল প্রদেশের নাকান্দলার প্রত্যন্ত অঞ্চলে তার বাড়ির সংস্কারের মাধ্যমে ‘অযথা লাভবান’ হয়েছেন।
চলতি বছরের মার্চে দেশটির সাংবিধানিক আদালত ঘোষণা দেয়, তিনি (জুমা) মোট অর্থের কিছু অংশ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় সংবিধান লঙ্ঘণ করেছেন।
এরপর রাষ্ট্রীয় কোষাগারকে দুইমাস সময় দিয়ে জুমাকে কী পরিমাণ অর্থ প্রাথমিকভাবে ফেরত দিতে হবে তা নিরূপণ করার জন্য বলা হয়।
অর্থের পরিমাণ নির্ধারণে অর্থ মন্ত্রণালয় দুইজন দক্ষ সমীক্ষণকারী নিয়োগ দিয়ে পৃথকভাবে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রধান বিরোধীপক্ষ ডেমক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)অর্থ মন্ত্রণালয়ের এই প্রতিবেদনকে স্বাগত জানালেও অর্থের প্রকৃত পরিমাণ আরও বেশি হবে বলে দাবি করেছে।
চলতি বছরের এপ্রিলে প্রেসিডেন্ট জুমা এই বিতর্কের জন্য ক্ষমা চেয়েছেন এবং সাংবিধানিক আদালতের রায় মেনে চলবেন বলে ঘোষণা দেন।
তার কিছুদিন পর দেশটির পার্লামেন্টে অভিশংসন ভোটের আয়োজন করা হলেও জুমা টিকে যান এবং এতে করে তার রাজনৈতিক দক্ষতা বিরোধীদের কাছে স্পষ্ট হয়ে ওঠে।
