২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া ফের প্লুটোনিয়াম উৎপাদন শুরু করেছে

উত্তর কোরিয়া পুনরায় প্লুটোনিয়াম উৎপাদন শুরু করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক  ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 08:26 PM

Updated : 25 Jul 2022, 09:26 PM

মাত্র একদিন আগে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল আইএইএ’র পক্ষ থেকে বলা হয়, ইয়ংবিয়নে অবস্থিত উত্তর কোরিয়ার প্রধান পরমাণু কেন্দ্রে প্লুটোনিয়াম উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার আভাস তারা পেয়েছে।

এর অর্থ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা মঙ্গলবার রয়টার্সকে বলেন, উত্তর কোরিয়া নতুন করে প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণ কার্যক্রম শুরু করায় ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে।

“উত্তর কোরিয়ায় ঘটা সবকিছুই উদ্বেগের কারণ।”

“তারা ইয়ংবিয়নের ৫ মেগাওয়াট পারমাণবিক চুল্লি থেকে পরমাণু জ্বালানি নিয়ে তা প্রথমে ঠান্ডা করে। তারপর সেগুলো পুনঃপ্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে যায়। অতীতে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য এখান থেকেই তারা প্লুটোনিয়াম সংগ্রহ করেছিল। তারা আবারও ওই কাজ করতে যাচ্ছে।”

এ বছর জানুয়ারিতে চতুর্থবারের মত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

‘ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি’র (আইএইএ) পক্ষ থেকে বলা হয়, গত বছর ভূ-উপগ্রহের ছবিতে তারা ইয়ংবিয়নে পারমাণবিক চুল্লির কার্যক্রম পুনরায় শুরু করার ইঙ্গিত পেয়েছে।

উত্তর কোরিয়া সরকার আইএইএ-কে তাদের দেশে প্রবেশের অনুমতি দেয় না। তাই ভূ-উপগ্রহর ছবিই ভরসা।