২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সিরিয়াল কিলার ফ্রাঙ্কলিনের মৃত্যুদণ্ড

দীর্ঘ বিশ বছর ধরে একের পর এক হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একজন সাবেক বর্জ্য সংগ্রাহককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 11:46 AM

Updated : 12 Apr 2022, 02:13 AM

বিবিসি বলছে, ‘গ্রিম স্লিপার’ নামে পরিচিত ওই সিরিয়াল কিলার ১৯৮৫ থেকে ২০০৭ সালের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরী ও নয়জন নারীসহ ১০ জনকে হত্যা করেন।

ওই খুনির আসল নাম লোনি ডেভিড ফ্রাঙ্কলিন জুনিয়র।

আদালতের জুরি ৬৩ বছর বয়সী এই অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। গেল মাসে তাকে ১০ জনকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়।

পরবর্তী শুনানিতে আনুষ্ঠানিকভাবে তার দণ্ড ঘোষণা করা হবে।

বর্জ্য সংগ্রাহক ফ্রাঙ্কলিন  খুন করার পর মৃতদেহগুলো বর্জে্যর সাথে মিশিয়ে ফেলতেন।

আইন কর্মকর্তা জানিয়েছেন ৬৩ বছর বয়সী ফ্রাঙ্কলিন জুনিয়র অসহায় কৃষ্ণাঙ্গ তরুণীদেরকেই গুলি কিংবা শ্বাসরোধে হত্যার জন্য বেছে নিতেন।

লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র আদালতে দুই মাস শুনানির চলার পর ফ্রাঙ্কলিন দোষী সাব্যস্ত হন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে আগেই ধারণা করা হয়েছিল।

১৯৮৮ সালে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগেও ফ্রাঙ্কলিন দোষী সাব্যস্ত হয়েছেন। ওই নারী গুলিবিদ্ধ হয়ে, ধর্ষণের শিকার হয়ে এবং একটি গাড়ি থেকে ফেলে দেওয়ার পরও বেঁচে যান।

এরআগে আদালতে যখন খুনি ফ্রাঙ্কলিনকে দোষী সাব্যস্ত করার রায় পাঠ করা হচ্ছিল তখন তার মাঝে কোনো আবেগ লক্ষ্য করা যায়নি বলে আদালতের প্রতিবেদনে বলা হয়েছে।