২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুমানিয়ায় মেয়র নির্বাচনের তিন প্রার্থীর একই নাম

রুমানিয়ার একটি শহরের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তিতে পড়েছেন ভোটাররা। রোববার অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেওয়া তিন মেয়রপ্রার্থীর একই নাম হওয়ায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 02:37 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

বিবিসি বলছে, দ্রাগুসেনি শহরের বর্তমান মেয়রের নাম ভাসিলে চেপোই। তিনি চতুর্থবারের জন্য নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু নির্বাচনে অংশ নেওয়া ভাসিলে চেপোই নামের অপর দুই প্রতিদ্বন্দ্বির চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।

কাউন্সিলের একজন কর্মকর্তা ভিওরেল মন্টিয়ানু জানিয়েছেন, তিন ব্যক্তির কেউই কারো সঙ্গে সম্পর্কিত নন। ভাসিলে খুব জনপ্রিয় রুমানিয়ান শব্দ এবং চেপোই এই অঞ্চলে খুব সাধারণ একটি নাম। স্থানীয় একটি পত্রিকায় এই পরিস্থিতিকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে ‘ভাসিলে চেপোই’ যে নির্বাচনে বিজয়ী হবেন এটা ‘নিশ্চিত’ বলে মন্তব্য করা হয়েছে।

কিন্তু বর্তমান মেয়র চেপোই একে তার প্রতিপক্ষ দুই পার্টির নির্বাচনী ধূর্ত চাল হতে পারে বলে মনে করছেন।

তিনি বলেন, “আমি অনুমান করি দল দুটি এমনি করে থাকতে পারে। মেসি যখন খেলে তখন প্রতিপক্ষ সব দলই তার বিরুদ্ধে খেলে।”

আর্জেন্টিনা ও ক্লাব বার্সেলোনার জনপ্রিয় ফুটবলার লাওনেল মেসির প্রসঙ্গ উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরো বলেন, “তারা আমার সঙ্গেও একই আচরণ করেছে। আমি দ্রাগুসেনির মেয়র নির্বাচনে মেসি।”

তবে তার প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী এ ধরনের কোনোকিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়ে দাবি করেছন, তারা শুধু শহরের মঙ্গল চান।

অভিজ্ঞ রাজনীতিক হিসেবে বর্তমান মেয়র পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছেন। তিনি ভোটারদের বিভ্রান্তি দূর করার জন্য ব্যালট পেপারে তার ডাকনাম জুড়ে দিয়ে ‘ভাসিলে লিকা চেপোই’ হিসেবে হাজির হচ্ছেন।