সিরিয়ার যুদ্ধে কারাগারে নিহত ৬০ হাজার মানুষ
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত পাঁচ বছরে দেশটির সরকারি কারাগারে অন্তত ৬০ হাজার বন্দির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
যুক্তরাজ্য ভিত্তিক এ সংস্থাটির পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়, “কারাগারে মারা যাওয়া বন্দিদের সংখ্যা ৬০ হাজারের কম হবে না। সরাসরি শারীরিক অত্যাচারের কারণে যেমন তাদের মৃত্যু হয়েছে, তেমনি খাবার ও ওষুধের অভাবও তাদের মৃত্যুর কারণ ছিল।”
রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলার জন্য সিরিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
যদিও অতীতে সিরিয়া সরকার এ সংক্রান্ত প্রতিবেদন ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছিল।
পর্যবেক্ষক সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান বলেন, সিরিয়ার বিভিন্ন কারাগার ও নিরাপত্তা সংস্থার কাছ থেকে তারা নিহতের সংখ্যার বিষয়ে তথ্য পেয়েছে।
“২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী দামেস্কের নিকটবর্তী সেদনায়া কারাগারেই মারা গেছে ২০ হাজারের বেশি বন্দি। এর মধ্যে আমরা ১৪ হাজার ৪৫৬ জনের মৃত্যুর তথ্য যাচাই করতে সক্ষম হয়েছি। তাদের মধ্যে ১১০ জনের বয়স ১৮ বছরের নিচে ছিল।”
এ বছরের শুরু থেকে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ কারাগারে বন্দিদের নিহত হওয়ার তথ্য সংগ্রহ করা শুরু করে বলে জানান আব্দুল রহমান।
প্রকৃত ঘটনা বিশ্ববাসীকে জানানোর উদ্দেশ্যে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা তাদের এ তথ্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
ফেব্রুয়ারিতে জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা বলেছিলেন, সিরীয় সরকার গণহারে বন্দিদের হত্যা করছে।
