ইজিপ্টএয়ারের বিমানের ব্ল্যাক বক্সের খোঁজে সাবমেরিন
সাবমেরিন দিয়ে ভূমধ্যসাগরে ইজিপ্টএয়ারের বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সের খোঁজ করছে মিশর।
প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি বলেন, “(ডেটা সংরক্ষণকারী) বক্স দুইটি খুঁজে পেতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।”
“ঠিক কি কারণে ফ্লাইট এমএস৮০৪ বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এ মুহূর্তে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না।
তিনদিন আগে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এই প্রথম এ সম্পর্কে কোনও মন্তব্য করলেন প্রেসিডেন্ট আল-সিসি।
বৃহস্পতিবার ভোরে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কায়রোগামী ইজিপ্টএয়ারের এ৩২০ মডেলের বিমানটি মিশরের আকাশ সীমানায় প্রবেশের পরপরই নিখোঁজ হয়ে যায়।
পরে ব্যাপক তল্লাশি অভিযানে ভূমধ্যসাগরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। বিমানটিতে ৬৬ জন আরোহী ছিল। যাদের সবাই মারা গেছে বলে নিশ্চিত করেছে মিশরীয় কর্তৃপক্ষ।
তবে ঠিক কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কর্মকর্তারা জানান, বিমানটি নিখোঁজ হওয়ার তিন মিনিট আগে বিমানের ভেতরের বেশ কয়েকটি অংশে ধোঁয়া দেখা যায়। কি কারণে এই ধোঁয়া দেখা গিয়েছিল তা নিয়ে তদন্ত চলছে।
যান্ত্রিক ত্রুটির তুলনায় সন্ত্রাসী হামলার কারণে বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে মন্তব্য করেন মিশরের বিমান পরিবহন মন্ত্রী।
তবে কোনো আশঙ্কাকেই এখনও উড়িয়ে দিচ্ছেন না প্রেসিডেন্ট সিসি। সঠিক কারণ খুঁজে বের করতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
অ্যাভিয়েশন সিকিউরিটি ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সম্পাদক ফিলিপ বামও কারিগরি সমস্যার বিষয়টি বাতিল করা যাচ্ছে না বলে বিবিসি’কে জানান।
তিনি বলেন, “উড়োজাহাজের টয়লেটে ধোঁয়া শনাক্তের পরপরই শনাক্তকারী যন্ত্র ধোঁয়ার সঙ্কেত দিল, আর তিন মিনিট পরই উড়োজাহাজের সিস্টেম বন্ধ হয়ে গেল। তাই এটি ইঙ্গিত দিচ্ছে যে সম্ভবত কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি, ককপিটেও কোনো ধস্তাধস্তির ঘটনা ঘটেনি, বিমানে আগুন লাগাই সম্ভাব্য কারণ হতে পারে।”
“এটি কোনও কারিগরি ত্রুটির কারণে হয়ে থাকতে পারে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে, অথবা উড়োজাহাজটিতে স্থাপন করা কোনো বোমার বিস্ফোরণেও ঘটতে পারে, এখনও নির্দিষ্টভাবে কিছু জানি না আমরা।”
এর আগে গ্রিস জানিয়েছিল, তাদের রেডারের তথ্য বলছে, এয়ারবাস এ৩২০ দুটি তীক্ষ্ণ বাঁক নিয়ে ২৫ হাজার ফুট উপর থেকে পড়ে যায়।
শুক্রবার উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ও নিহতদের শরীরের অংশ সমুদ্রে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রিস ও মিশরীয় কর্মকর্তারা।
মিশরীয় তল্লাশি ক্রু-রা উড়োজাহাজটির সিট ও মালপত্র খুঁজে পেয়েছেন।
মিশরীয় সামরিক বাহিনী জানিয়েছে, আলেক্সান্দ্রিয়ার ২৯০ কিলোমিটার উত্তরে এসব ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
