২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তের উপহার প্রত্যাখান করায় শিল্পীকে ছুরিকাঘাত!

বিশ্বের সবচেয়ে বড় পপ সংগীত গ্রুপ হিসেবে গিনিজ বুকে নাম লেখানো জাপানের একেবি৪৮ এর এক  শিল্পী ভক্তের উপহার না নেওয়ায় ‍ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 07:24 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

শনিবার বিকালের ওই ঘটনায় মায়ূ তমিতা নামের এ শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে' রাখেন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রাজধানী টোকিও কগানেয় শহরে একটি কনসার্টে অংশ নেওয়ার কিছু আগেই তিনি ছুরিকাহত হন বলে রোববার টোকিও পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন। ঘটনার সম্পৃক্ততায় তমুহিরো ইয়াজাকি নামের ওই ভক্তকে আটক করা হয়েছে।

উদীয়মান দেড়শ শিল্পীর গড়ে তোলা একেবি৪৮ জাপানের প্রধান পপ শিল্পী গ্রুপ। বলা হচ্ছে, তরুণ এই শিল্পীদের গান দেশটির সর্বত্র জনপ্রিয়তা অর্জন করেছে।

মায়ূ তমিতা দলটির প্রধান সারির শিল্পী। তার আহতের খবরে ভক্ত অনুসারিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রোববার পুলিশ কর্মকর্তা বলছেন, মায়ূ তমিতা শনিবার পূর্ব নির্ধারিত কর্নসাটে গান শুরু করার আগেই তমুহিরোর ছুরিতে  কাঁধ, বুকসহ শরীরের অন্তত ২৪ স্থানে আহত হন। স্থানীদের টেলিফোন পেয়ে পুলিশ মায়ূ তমিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গ্রেপ্তারকৃত তমুহিরো ইয়াজাকি পুলিশকে বলেছেন, তিনি মায়ূ তমিতাকে কিছু উপহার দিয়েছিলেন, কিন্তু তিনি বারবার প্রত্যাখান করছিলেন। শনিবার অনুষ্ঠান শুরুর আগে স্টেশনে এই বিষয়ে তমিতাকে জিজ্ঞেস করেও কোন উত্তর পাননি। আর এজন্য ভারসাম্য হারিয়ে তিনি ছুরিকাঘাত করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

তবে ঘটনার অনেক আগে মায়ূ তমিতা ইয়াজাকির বিরুদ্ধে একটি অভিযোগ পুলিশের কাছে জমা দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, ইয়াজাকি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কু-রুচিপূর্ণ মন্তব্য করতেন। একইসঙ্গে বিভিন্ন সময় হুমকিও দিতেন।

ওদিকে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তমিতার ভক্ত ও অনুসারিদের তীব্র প্রতিক্রিয়া আসছে। অনেকে তার সুস্থতা কামনা করে একেবি৪৮ পুনরায় ফিরে আসার প্রার্থনা করছে।