অস্ট্রিয়ায় কনসার্টে গুলিতে নিহত ৩
অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলে একটি মোটরসাইকেল ক্লাবের আয়োজিত কনসার্টে এক ব্যক্তির গুলিতে দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
হামলার পর বন্দুকধারী নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।
রোববার ভোররাত ৩টায় লিচেনষ্টেইন সীমান্তের কাছের অস্ট্রীয় শহর নেনজিংয়ে এ ঘটনা ঘটে।
কনসার্টটিতে প্রায় ১৫০ জন দর্শক উপস্থিত ছিলেন।
পুলিশের ওই মুখপাত্র জানিয়েছেন, নিজের বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর ২৭ বছর বয়সী ওই গুলিবর্ষণকারী নিজের গাড়ি থেকে একটি অগ্নেয়াস্ত্র নিয়ে এসে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এতে বেশ কয়েকজন হতাহত হলেও তার বান্ধবী অক্ষত আছেন।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার বিস্তারিত তারা এখনো জানতে পারেননি এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
