ভিয়েতনামের পথে ওবামা
নিজের প্রথম সফরে ভিয়েতনামের পথে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যাল্ড রাজ্যের এন্ড্রুজ সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ এ করে তিনি ভিয়েতনামের পথে রওয়ানা হন।
ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দেশটিতে যাচ্ছেন ওবামা। ভিয়েতনাম সফরকালে দেশটির রাজধানী হ্যানয়ের পাশাপাশি অপর প্রধান শহর হো চি মিন সিটিতেও যাবেন তিনি।
এ সময় ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট তরান দাই কুয়াং, নতুন প্রধানমন্ত্রী নগুয়েন শিয়ুয়ান ফুক এবং কমিউনিস্ট পার্টির মহাসচিব নগুয়েন ফু তরোং এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
ভিয়েতনামে তিনদিনের সফর শেষে দুইদিনের এক সফরে জাপান যাবেন ওবামা। সেখানে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিবেন। জাপান সফরকালে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে হিরোশিমা সফর করবেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিক্ষিপ্ত প্রথম পারমাণবিক বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছিল হিরোশিমা। ভয়াবহ এই বোমার আঘাতে প্রায় দেড়লাখ হিরোশিমাবাসী নিহত হয়েছিল।
এসব সত্বেও হিরোশিমা সফরকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই ঘটনার জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন ওবামা।
ভিয়েতনামের সঙ্গেও যুক্তরাষ্ট্রের তিক্ত যুদ্ধের অতীত রয়েছে। দেশদুটির মধ্যে প্রায় ২০ বছর ধরে চলা তুমুল যুদ্ধে কয়েক লাখ ভিয়েতনামি ও ৫৮ হাজার মার্কিন সেনা নিহত হন।
১৯৯৫ সালে দুদেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে।
কিন্তু বর্তমান বিশ্বের পরিবর্তিত প্রেক্ষাপটে এক সময়ের শত্রু দেশদুটি পরস্পরের ঘনিষ্ঠ হয়ে উঠতে শুরু করেছে। ওবামার ভিয়েতনাম সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য পুরনো শত্রুকে নতুন মিত্রতে পরিণত করা।
এশীয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নতুন শক্তি হিসেবে চীনের আর্ভিভাবই দেশদুটিকে মিত্রতে পরিণত করার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
ভিয়েতনাম যুদ্ধের চার দশক পরের এই সফরে ওবামা দেশটির কমিউনিস্ট সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ওবামার এক সফরসঙ্গী।
পাশাপাশি ভিয়েতনামের মানবাধিকারের রেকর্ড নিয়েও ওবামা অনুযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের এই সফর চলাকালে ভিয়েতনামের উপর ৩২ বছরে ধরে যুক্তরাষ্ট্রের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে চাপ সৃষ্টি হয়েছে। যুদ্ধাকালীন শত্রুতার অন্যতম শেষ সাক্ষ্য হিসেবে এটি এখনো রয়ে গেছে।
ভিয়েতনামের দীর্ঘদিনের দাবি সত্বেও এই ইস্যুতে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে কী সিদ্ধান্ত নিয়েছে তা জানা যায়নি। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলে তাতে বেইজিং ক্রুদ্ধ হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিরোধে ভিয়েতনামের সঙ্গে চীনের উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
