২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইইউ হিটলারের পথেই হাঁটছে’

একক ‘কর্তৃপক্ষের’ অধীনে ইউরোপকে এক করে একটি সুপারস্টেট গঠনের চেষ্টা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)  জার্মানির নাৎসী নেতা এডলফ হিটলারের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 09:55 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

তিনি বলেন, “হিটলার ও নেপোলিয়ন উভয়ই ইউরোপকে একীকরণে ব্যর্থ হয়েছিলেন।  আর ইইউ  এর নামে ভিন্ন পন্থায় সেই একই কাজ করার চেষ্টা চলছে।”

যুক্তরাজ্যের ইইউ য়ে থাকা না থাকা বিষয়ে দেশটিতে ২৩ জুনে গণভোট অনুষ্ঠিত হবে।  বরিস জনসন ইইউ থেকে বেরিয়ে আসার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

সানডে টেলিগ্রাফে দেওয়া সাক্ষাৎকারে জনসন বলেন, “ইউরোপের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, রোমান সম্রাজ্যের স্বর্ণযুগ ফিরিয়ে আনার উদ্যোগ বারবার নেওয়া হয়েছে।  নেপোলিয়ান, হিটলার এবং আরও অনেকে এ চেষ্টা করেছেন এবং খুব মর্মান্তিকভাবে চেষ্টার ইতি হয়েছে। আর এখন ইইউ হচ্ছে ভিন্ন পন্থায় সেই একই জিনিস করার চেষ্টা।”

“ইইউ ধারণায় মৌলিকভাবে স্থায়ী কিছু সমস্যা রয়েছে। সেগুলো হল, এক ইউরোপ ধারণার প্রতি কারও আন্তরিক আনুগত্য নেই। এমন কোনো একক কর্তৃপক্ষ নেই যাকে যে কেউ সম্মান করে বা বুঝতে পারে। এ কারণেই ইইউ ধারণায় বিশাল গণতান্ত্রিক শূন্যতা দেখা দিয়েছে।”

যুক্তরাজ্যের শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেন, যিনি ইইউ য়ে থেকে যাওয়ার পক্ষে  বলেন, “জনসনের এই তুলনা আক্রমণাত্মক।”