ভারতে দুই সাংবাদিককে গুলি করে হত্যা
ভারতের বিহার ও প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যে চব্বিশ ঘণ্টার মধ্যে গুলি করে দুই সাংবাদিককে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিহারের সিবান জেলায় দৈনিক হিন্দুস্তানের ব্যুরো প্রধান রাজদেভ রঞ্জনকে গুলি করে হত্যা করা হয়।
তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।
সিবান রেলওয়ে স্টেশনের কাছে রঞ্জনকে লক্ষ্য করে খুব কাছ থেকে পাঁচ দফা গুলি করা হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিহার পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি, আর রঞ্জনের সঙ্গে কারো কোনো ব্যক্তিগত শত্রুতাও ছিল না।
এই ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। শিগগিরই তাদের রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এই হত্যাকাণ্ডের সঙ্গে পেশাদার শ্যুটাররাও জড়িত থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুনীল কুমার বলেন, “তিনি এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তার শরীরে পাঁচটি গুলি লেগেছে। এতে বোঝা যাচ্ছে হত্যার উদ্দেশ্যেই গুলিগুলো করা হয়েছে।
“ঘটনার সঙ্গে জড়িত কিছু সূত্র শনাক্ত করে কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছি আমরা। শিগগিরই আমরা জড়িতদের গ্রেপ্তার করতে পারবো বলে আশা করছি। তবে ঘটনার উদ্দেশ্য সম্পর্কে এখনই কিছু বলতে চাই না।”
এর আগে বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড রাজ্যের ছত্র জেলায় অখিলেশ প্রতাপ সিং নামের আরেক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়।
৩৫ বছর বয়সী অখিলেশ স্থানীয় একটি নিউজ চ্যানেলের হয়ে কাজ করতেন। তাকে নিজ গ্রামের পঞ্চায়েত কার্যালয়ের সামনে গুলি করা হয়।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
