২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসভ্য’ ব্রিটিশদের আদবকায়দা শেখা উচিত: চীনা পত্রিকা

ব্রিটিশ গণমাধ্যম ‘অসভ্যতায়’ ভরা এবং চীনের প্রাচীন সভ্যতা থেকে তাদের ‘আদবকায়দা’ শেখা দরকার বলে মন্তব্য করেছে চীনের একটি রাষ্ট্রীয় পত্রিকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 11:14 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ চীনা কর্মকর্তাদেরকে রূঢ় বলে মন্তব্য করার পর চীনের পত্রিকা একথা বলল।

অত্যন্ত বিরল এক ঘটনায় মঙ্গলবার যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের গার্ডেন পার্টিতে উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় চীনাদের ‘রূঢ়’ আখ্যা দিয়ে ক্যামেরায় ধরা পড়েন রানি।

তার এ মন্তব্য বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে শিরোনাম হয় এবং বিবিসি’তেও তা প্রকাশ পায়। যদিও চীনে রানির বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে বলে জানায় বিবিসি।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সংশ্লিষ্ট ‘দ্য গ্লোবাল টাইমস’ পত্রিকা এ ঘটনাটিকে ফলাও করে প্রচার করা এবং অত্যুৎসাহে এর ভিডিও ফুটেজ প্রকাশের জন্য ব্রিটিশ গণমাধ্যমকে দোষারোপ করেছে।

পত্রিকটির সম্পাদকীয়তে বলা হয়, “আধুনিক যুগের পশ্চিমা বিশ্ব শীর্ষ অবস্থানে উঠে আসা এমনকি সভ্যতার চমৎকার নিদর্শন প্রতিষ্ঠার পরও তাদের গণমাধ্যম অত্যন্ত কদর্যভাবে বেপরোয়া পরচর্চায় লিপ্ত এবং আত্মমগ্ন। অসভ্যদের বাজে আচরণ তারা কাটিয়ে উঠতে পারেনি।”

সম্পাদকীয়তে আরও বলা হয়, “পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্রিটেন প্রায়ই এমন ন্যাক্কারজনকভাবে ধরা পড়ে।”

তবে ব্রিটিশ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এরকম একটি রাজকীয় ভিডিও ফুটেজ প্রকাশ করবে এমনটি ‘চিন্তা করা যায় না’ বলেও সম্পাদকীয়তে উল্লেখ করা হয়। বলা হয়, তারা যদি সত্যিই ভিডিওটি ইচ্ছা করে প্রকাশ করে থাকে তাহলে তা আসলেই খুব রূঢ় একটি ব্যাপার হবে।