পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে আফগানিস্তানে উদ্ধার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির অপহৃত ছেলেকে আফগানিস্তানে উদ্ধার করা হয়েছে।
বিবিসি বলছে, আফগান ও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ডাক্তারি পরীক্ষার পর তাকে পাকিস্তানে পাঠানো হবে।
তিন বছর আগে মুলতান থেকে অপহৃত হন আলি হায়দার গিলানি। সেখানে তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
তালেবান গোষ্ঠী তাকে অপহরণ করছিল বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।
পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এই সংবাদ ট্যুইটারে দিয়ে বলেছেন, অপহৃতকে “সফল অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে এই খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ইউসুফ রাজা গিলানির ছোট ছেলে আলি হায়দার গিলানি।
২০১৩ সালে আলি হায়দার গিলানি পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচনে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
ওই বছরের মে মাসে নির্বাচনের দুদিন আগে প্রচারণা চালানোর সময় অস্ত্রধারীরা ফাঁকা গুলি ছুঁড়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনার পেছনে সন্দেহের তীর ছোটে পাকিস্তানি তালেবান গোষ্ঠীর দিকেই। কারণ পিপিপি ও ধর্মনিরপেক্ষ অন্যান্য দলগুলোকে গোষ্ঠীটি প্রকাশ্যেই হুমকি-ধামকি দিয়ে আসছে।
