‘উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে’
নিজেদের পূর্ব উপকূলের সাগরে ভাসমান একটি সাবমেরিন থেকে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় উত্তর-পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় বলে দক্ষিণের জয়েন্ট চিফ অব স্টাফের দপ্তর থেকে জানানো হয়।
মে মাসে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন পার্টির বৈঠকের আগে দেশটি একটি পারমাণবিক পরীক্ষা অথবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে বলে ধারণা করা হচ্ছিল।
টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্রটি ৩০ কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছে।
অজ্ঞাত কোনো কারণে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে কিনা, দক্ষিণ কোরীয় সেনাবাহিনী তা নির্ধারণের চেষ্টা করছে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার সাবমেরিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করে তা অনুসরণ করা হয়েছে, তবে এটি উত্তর আমেরিকার জন্য কোনো হুমকি নয়।
উত্তর কোরিয়া গত বছর প্রথমবারের মতো সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করে। কিন্তু এ ধরনের অস্ত্র ছোঁড়ার প্রযুক্তি উন্নয়নে তখন দেশটি প্রাথমিক পর্যায়ে ছিল। এরপর বেশ কয়েকবার পরীক্ষামূলক উৎক্ষেপণের চেষ্টা হলেও সেগুলো সফল হয়নি বলে দাবি পশ্চিমা বিশেষজ্ঞদের।
দেশটি এই প্রযুক্তি উন্নয়নে সফল হলে তা প্রতিবেশী দেশগুলো ও যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি হয়ে দেখা দিবে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞার বিরোধীতা করে উত্তর কোরিয়া ‘যে কোনো সময়’ পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালাতে পারে আশঙ্কায় তারা উচ্চ সতর্কাবস্থায় আছে।
