২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুপথযাত্রীর ভিডিও, নিউ ইয়র্কের হাসপাতালকে জরিমানা

বিনা অনুমতিতে মৃত্যুযন্ত্রণায় ছটফট করতে থাকা দু্ই রোগীর ভিডিও ধারণে একটি টেলিভিশন চ্যানেলকে অনুমতি দেওয়ায় নিউ ইয়র্কের এক হাসপাতালকে ২২ লাখ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 05:23 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

নিউইয়র্ক-প্রেসবাইটারিয়ান নামে ওই হাসপাতাল জরিমানার অর্থ পরিশোধে রাজি হয়েছে বলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সেবা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।

‘এনওয়াই মেড’ নামে একটি রিয়েলিটি শো’র জন্য ২০১১ সালে এবিসি টেলিভিশনকে নিউইয়র্ক-প্রেসবাইটারিয়ান হাসপাতালে ওই দুই রোগীর সার্জারি ও শেষ নিঃশ্বাস ত্যাগের ভিডিওটি ধারণ করে। ওই হাসপাতালের চিকিৎসক মেহমেত ওজ টিভি অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন।

দুই রোগীর মধ্যে একজন পরিচ্ছন্নতাকর্মী মার্ক চাংকো ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তার আর্তচিৎকার ও মৃত্যুর সময়ের ভিডিওটি ২০১২ সালের জুনে প্রচারিত হয়।

ভিডিওতে চাংকোর মুখমণ্ডল ‘ঝাপসা’ করে দেখানো হলেও তাকে চিনতে কোনো অসুবিধা হয়নি তার স্ত্রী অনিতা চাংকোর। ঘটনার ছয় মাস পর ২০১৩ সালের জানুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন তিনি।

মামলায় বলা হয়, রোগী কিংবা তার আত্মীয়-স্বজনের অনুমতি ছাড়া ধারণ করা ওই ভিডিওর ও সম্প্রচারে তাদের ‘হতবাক’ হয়েছেন। এর মধ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর গোপনীয়তা সুরক্ষা আইন ভঙ্গ করেছে।

তিন বছরের বিচারপ্রক্রিয়া শেষে সম্প্রতি নিউ ইয়কের্র এক আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে দোষী সাব্যস্ত করে জরিমানা দেওয়ার নির্দেশ দেয়।

Image
নিউ ইয়র্ক-প্রেসবাইটারিয়ান হাসপাতাল। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিউ ইয়র্ক-প্রেসবাইটারিয়ান হাসপাতাল। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এই রায়ে সন্তোষ প্রকাশ করে চাংকোর ছেলে কেনেথ সাংবাদিকদের বলেন, “আজ পরিবারের সবাই খুশী। আমরা বড় ধরনের কষ্ট থেকে মুক্তি পেলাম।”

এক বিবৃতিতে রোগীর গোপনীয়তা রক্ষায় হাসপাতালগুলোকে সর্বোচ্চ নজর দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও মানবিক সেবা দপ্তর।

বিবৃতিতে বলা হয়, “রোগীর নাম-পরিচয় গোপন কিংবা প্রচারের সময় মুখাবয়ব ঝাপসা ও কণ্ঠ বিকৃত করাই যথেষ্ট নয়, দরকার তার (রোগী) অথবা আত্মীয়-স্বজনের অনুমতি।

“এ অনুমতি ছাড়া রোগীর চিকিৎসা সম্পর্কিত কোনো তথ্যই গণমাধ্যমে প্রকাশ ও প্রচারের সুযোগ নেই।”

হাসপাতালকে জরিমানার এই রায়কে স্বাগত জানিয়েছেন আমেরিকান কলেজ অব ইমার্জেন্সি ফিজিশিয়ান্সের ইথিক্স কমিটির চেয়ারম্যান ড. যোয়েল জিদারম্যান, যিনি লস অ্যাঞ্জেলেসের সিডার্স সিনাই মেডিক্যাল সেন্টারের জরুরি বিভাগের কো-চেয়ারম্যান।

তিনি বলেন, “টিভি অনুষ্ঠানের জন্যে রোগীদের ভিডিও ও স্থিরচিত্র নেওয়ার প্রবণতা এতে বন্ধ হতে পারে।”