২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাসে বোমা হামলা চালিয়েছে হামাসের আত্মঘাতী’

ইসরায়েল দাবি করেছে, সোমবার জেরুজালেমে বাসে বোমা হামলার ঘটনা ছিল আত্মঘাতী হামলা এবং প্যালেস্টাইন ইসলামিস্ট মুভমেন্ট হামাসের একজন সদস্য এই হামলা চালিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 12:45 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

ওই হামলায় ২০ জন মানুষ আহত হন।

বিবিসি বলছে, পুলিশ জানিয়েছে, হামলাকারী ১৯ বছর বয়সী এবং তার নাম আবদুল হামিদ আবু স্রোউর। তিনি কাছের বেথেলহেমের অধিবাসী।

হামলা চালানোর পরও স্রোউর আহত অবস্থায় বেঁচে ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে বুধবার তিনি মারা যান।

হামাস জানিয়েছে, আবু স্রোউর তাদের একজন সদস্য। তবে গোষ্ঠীটি হামলার দায়িত্ব স্বীকার করেনি।

ইসরায়েল আরও জানিয়েছে, বাসে বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে বেথেলহেম থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গেল সোমবার দক্ষিণ-পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) ঐতিহাসিক নগরী জেরুজালেমে এক যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে ২০ জন আহত হন।

দক্ষিণ-পশ্চিম জেরুজালেমের দেরেচ হেব্রন সড়কের এ ঘটনায় বিস্ফোরণের পর আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে।

এই বিস্ফোরণকে গেল ছয়মাস ধরে চলা ফিলিস্তিনিদের সড়ক-সহিংসতার সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত চলা ফিলিস্তিনি বিদ্রোহের সময় ইসরায়েলি যাত্রীবাহী বাসগুলোতে আত্মঘাতী হামলা নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল।

কিন্তু এরপর থেকে এ ধরনের হামলা বিরল হয়ে ওঠে।

অক্টোবর থেকে ফিলিস্তিনিরা ছুরিকাঘাত, গাড়ি দিয়ে আঘাত করে হামলা ও বিক্ষিপ্ত বন্দুক হামলার মতো অপেক্ষাকৃত কম সংগঠিত হামলা শুরু করলেও এ পরিস্থিতি সৃষ্টির জন্য ইসরায়েলকে দায়ী করেছেন পর্যবেক্ষকেরা। 

ছয়মাসে ফিলিস্তিনিদের হামলায় ২৮ ইসরায়েলি ও দুই মার্কিন পর্যটক নিহত হন।

অপরদিকে একই সময় হামলাকারী বলে কথিত ১৩০ জনসহ ১৯১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীগুলো। এদের অনেককে প্রতিবাদ বিক্ষোভ চলার সময় গুলি করে হত্যা করা হয়।