সৌদি আরব সফরে ওবামা
সৌদি আরব সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছান। এটি ওবামার চতুর্থ সৌদি আরব সফর।
বৃহস্পতিবার অন্যান্য উপসাগরীয় দেশগুলোর আরব নেতাদের সঙ্গে সাক্ষাতের আগে ওবামার সৌদি বাদশাহ সালমানের সঙ্গে দেখা করার কথা রয়েছে।
প্রেসিডেন্ট হিসাবে ওবামা তার এ শেষ সফরে সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ওয়াশিংটনের প্রতিশ্রুতির আশ্বাস পুনর্ব্যক্ত করাসহ ওই অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা কমানোর উপায় খুঁজবেন বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার ওবামা উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলোর সম্মেলনে যোগ দেবেন। এ সম্মেলনে ইরান গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।
জিসিসি অন্তর্ভূক্ত দেশগুলো হল: সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান। একমাত্র ওমান ছাড়া বাকি দেশগুলোর ক্ষমতায় সুন্নি সরকার।
জিসিসি’র অভিযোগ, সংঘর্ষের উস্কানি দিয়ে এবং সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে ইরানের শিয়া সরকার ওই অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠছে।
উদাহরণ হিসেবে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরানের হস্তক্ষেপের প্রসঙ্গ টানে সংগঠনটি।
ওদিকে, বুধবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সৌদি আরবের বিরুদ্ধে লেবাননের সংগঠন হিজবুল্লাহকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টার অভিযোগ আনেন।
টুইটারে খামেনি লেখেন, “মুসলিম বিশ্বকে গৌরবোজ্জ্বল করছে হিজবুল্লাহ। যদি একটি দুর্নীতিবাজ, পরজীবী ও অন্তঃসারশূন্য সরকার তাদের তেল বেচা অর্থের জোরে হিজবুল্লার নিন্দা করে তবে তা কোনও অর্থই বহন করে না। জাহান্নামে পতিত হও।”
খামেনির এই মন্তব্য ইরান ও জিসিসি অন্তর্ভূক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনায় নতুন করে উস্কানি দিয়েছে।
যুক্তরাষ্ট্র চাইছে ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমিত হোক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংঘাতময় পরিস্থিতির অবসান হোক।
