২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালুরুতে বিক্ষোভ-সংঘর্ষ, তীব্র যানজট

প্রভিডেন্ট ফান্ডের অর্থ তোলার নতুন আইনের বিরুদ্ধে ভারতের ব্যাঙ্গালুরুতে ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ হয়েছে।  রাস্তায় নেমে বিক্ষোভ করেছে  হাজার হাজার পোশাক শ্রমিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 09:16 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

মঙ্গলবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। এসময় উত্তেজিত জনতা বাস, প্রাইভেট গাড়িতে আগুন লাগিয়ে দেয়, পুলিশ স্টেশনেও হামলা করে। বিক্ষোভের কারণে পুরো শহরে তীব্র যানজট সৃষ্টি হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিক্ষোভ-সংঘর্ষের মুখে নতুন আইনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

প্রস্তাবিত ওই নতুন আইন অনুযায়ী, অবসরের আগে প্রভিডেন্ট ফান্ডের শুধু একটি নির্দিষ্ট অংশ পাবেন কর্মীরা। প্রভিডেন্ট ফান্ডের পুরো অর্থ পেতে কর্মীদের ৫৮ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এনডিটিভি’র খবরে বলা হয়, এ আইন করার সিদ্ধান্ত বাতিলে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে   কয়েক হাজার শ্রমিক মহাসড়কে নেমে বিক্ষোভ করে। এসময় তারা যান চলাচল বন্ধ করে দেয়। এতে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে অচল হয়ে পড়ে ভারতের প্রযুক্তি নগরী ব্যাঙ্গালুরু।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, পোশাক শ্রমিকরা পুলিশ স্টেশনের দিকে ঢিল ছুঁড়েছে, পুলিশের কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। রাস্তায় অন্তত তিনটি বাসেও তারা অগ্নিসংযোগ করেছে। তবে  শ্রমিক ইউনিয়ন এ বিক্ষোভের নেতৃত্ব দেয়নি।

বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে ও লাঠিচার্জ করে। পুলিশ সদস্যদের রাইফেল হাতেও দেখা গেছে।  বিক্ষোভকারীদের সামলাতে পুলিশের অতিরিক্ত বাহিনী ডাকা হয়।

এর আগে সোমবারও হাজার হাজার বিক্ষোভকারী ১০ ঘণ্টার বেশি সময় ধরে মাইসুরু-ব্যাঙ্গালুরু মহাসড়ক অবরোধ করে রাখে।