২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়াচ্ছে কুমামতো

দুই দফা ভূমিকম্পে ৪১ জন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুমামতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 11:09 AM

Updated : 11 Oct 2022, 08:06 PM

সোমবার সকাল থেকে ধসে পড়া রাস্তাঘাট ও বাড়িঘর মেরামতে কাজ শুরু করেছে নিরাপত্তা বাহিনীর (এসডিএফ) ২৫ হাজার সদস্য। তাদের সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষকে রাস্তার উপর পড়ে থাকা গাছপালা ও ধ্বংসস্তূপ সরিয়ে নিতে দেখা গেছে।

আশ্রয় কেন্দ্রে থাকা সাড়ে তিন লাখ মানুষও ফেরা শুরু করেছেন। দুই দফা বড় ভূমিকম্পের পাশাপাশি প্রায় পাঁচশবার পরাঘাতের মধ্যে তাদের সরিয়ে নেওয়া হয়েছিল।

ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় প্রাণহানি কমলেও ধ্বংসস্তূপ সরিয়ে নিতে ও ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতে অনেক সময় লেগে যাবে বলে ধারণা করছেন এসডিএফের এক কর্মকর্তা।

তিনি বলেন, “সত্যি এটি ভয়ানক দুর্যোগ। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে এই দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছি।”

ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে আরও দুই-একদিন আশ্রয়কেন্দ্র খোলা রাখা হবে বলেও তিনি জানান।

“সেখানে ত্রাণ-সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। ভূমিকম্পে নিখোঁজ থাকা ১১ জনকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে।”

বৃহস্পতিবার রাতে প্রথম দফায় ৬ দশমিক ৫ মাত্রার পর শনিবার ভোরে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ধ্বংস্তস্তূপে পরিণত হয় এ প্রদেশ।

সরকারি হিসেবে, দুদিনের ভূমিকম্পে ৯০টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৮০০ বাড়ি। সেতু ও রাস্তাঘাট ভেঙে পড়েছে, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। তীব্র আকার ধারণ করেছে সুপেয় জলের সঙ্কট।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুমামতোর মাইশি এলাকায়। এর বাইরে অইতা ও মিয়াজাকি প্রদেশে দুই লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

ভূমিকম্পে নিহতদের স্মরণে সোমবার জাপানের পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী শিনজো আবে ও সংসদ সদস্যরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবাকা, থাইল্যান্ডের রাজা ভূমিবলসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন; ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।