২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াওমিংয়ে ডেলিগেটের ভোটে জয়ী ক্রুজ

যুক্তরাষ্ট্রে পশ্চিমের রাজ্য ওয়াওমিংয়ের পার্টি কনভেনশনে ১৪ ডেলিগেট ভোটের সবগুলোই পেয়েছেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 08:25 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ রাজ্যে তেমন সক্রিয়ভাবে প্রচারাভিযান না চালালেও সামগ্রিকভাবে  ক্রুজের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন তিনি। তবে মনোনয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় ডেলিগেট ভোট তিনি ঝুলিতে পুরতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।

সেক্ষেত্রে একটি সম্মেলনের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়ার ভোট আবার প্রথম থেকে শুরু হতে পারে।

বর্তমানে ট্রাম্পের পক্ষে ৭৪৩টি ডেলিগেট ভোট এবং ক্রুজের কাছে ৫৫৯টি ডেলিগেট ভোট রয়েছে।

রিপাবলিকান নেতারা দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিউ ইয়র্কের আবাসন ব্যবসায়ী ট্রাম্পকে পছন্দ করছেন না এবং এই অপছন্দের বিষয়টি তারা খোলাখুলি বলছেন।

তাদের অনেকেই টেক্সাসের সিনেটর ক্রুজকে সমর্থন করছেন।

জয়ের পর ক্রুজ বলেন, “যদি আপনারা ট্রাম্পকে রিপালিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে না চান, যদি নভেম্বরের নির্বাচনে হিলারি ক্লিন্টনের হাতে জয় তুলে দিতে না চান-ট্রাম্প প্রার্থী মনোনিত হলে এটাই হবে, তবে আমি আপনাদের বলব, দয়া করে এই পক্ষে থাকা ব্যক্তিদের সমর্থন করুন।”

ডেমক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দৌড়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী বের্নি স্যান্ডার্সের চেয়ে খানিকটা এগিয়ে আছেন হিলারি।