২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে ঘর হারানোর পর বৃষ্টির কষ্ট

জাপানের কুমামতো প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের বিপর্যয় সামলে উঠার আগেই ভারী বৃষ্টিতে দিশেহারা হাজারো মানুষ খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 01:24 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফা ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহাণির পর উদ্ধার তৎপরতা চলার মধ্যে শনিবার রাত থেকে ঝড়ো বৃষ্টি শুরু হয়। তীব্র বাতাসে আশ্রয়কেন্দ্রগুলোর ব্লুসিট (প্লাস্টিকের তাবু) লণ্ডভণ্ড হয়ে যায়।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অন্ধকার রাতে বৃষ্টিতে কাকভেজা হয়ে মাশিকি শহরেই অন্তত সাত হাজার মানুষ খোলা আকাশের নিচে রাত পার করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল ১১টা পর্যন্ত জাপানজুড়ে বৃষ্টি হয়েছে। ভূমিকম্প-বিধ্বস্ত কুমামতোতে ১৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখান তাপমাত্রা কমে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

শুক্রবার রাতে রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৩২ জনসহ দুই দিনের ভূমিকম্পে অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে সরকারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে।

রোববার সকালে কুমামমতোর স্থানীয় এক কিন্ডারগার্টেনের মাঠে আশ্রয় নেওয়া ৬০ বছর বয়সী তাকামা ইয়াকি স্থানীয় গণমাধ্যমকে বলেন, “আমার জীবনে এতো বড় দুর্ভোগে কখনো পড়িনি। ভূমিকম্পে যখন ঘরহারা তখন বৃষ্টির আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিলাম।

“দমকা হাওয়ায় তাবু উড়িয়ে নিয়ে যাচ্ছিল, আর বৃষ্টির পানিতে সব ভিজে গেছে।”

ভারী বৃষ্টিতে পুনর্বাসন তৎপরতা ব্যাহত হচ্ছে জানিয়ে স্থানীয় এক সরকারি কর্মকতা বলেন, “এতো লোককে ঘরে জায়গা দিতে না পারায় খেলার মাঠে আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু আবহাওয়া প্রতিকূলে যাওয়ায় অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে।”

দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়ে রেখেছে।

প্রধানমন্ত্রী শিনজো আবে শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, “রাতে উদ্ধার তৎপরতা বন্ধ থাকবে। রোববার রাস্তাঘাট মেরামত ও দুর্ভোগে পড়া মানুষদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে।

এদিকে ভূমিকম্পের পর কুমামতো বিমানবন্দরের সব ফ্লাইট বাতিলের পাশাপাশি বন্ধ রযেছে ট্রেন চলাচল। স্থানীয় স্কুল, কিন্ডারগার্টেন ও উপাসনালয়গুলোতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে স্থানীয়দের।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলছেন, শনিবার রাতের ভূমিকম্পের পর কুমামতো, অইতা ও মিয়াজাকি প্রদেশের ২ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। প্রায় পৌনে চার লাখ মানুষ পানীয় জলের সমস্যায় পড়ছে।

ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে, রাস্তাঘাটও ভেঙে গেছে। সরকারি হিসেবমতে, গত দুই দিনে ৯০টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, ভেঙে পড়েছে ৮০০টি ঘর। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুমামতো শহরের মাইশিতে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি বলেন, “শনিবার পর্যন্ত  আমরা ২৫ হাজার সৈন্যকে উদ্ধার কাজে নিয়োজিত করেছি। রোববার সকালের মধ্যে আরও ৫ হাজার নতুন সেনা মোতায়েন করা হবে।

“এখন পর্যন্ত আমরা ৯১ হাজার ৭৮৩ জনকে সরিয়ে নিয়েছি। দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রীও দেওয়া হয়েছে।”

বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। শক্তিশালী ভূমিকম্পগুলোর ২০ শতাংশ এ দেশেই হয়। ২০১১ সালের মার্চে ভূমিকম্পে ব্যাপক মানব বিপর্যয়ে মুখে পড়ে বিশ্বের অর্থনীতিতে সামনের সারিতে থাকা নেতৃত্বে দিয়ে আসা এই দেশ।