অশ্রু নয়নে পোপের সামনে শরণার্থীরা
পোপ ফ্রান্সিস গ্রিসের লেসবস দ্বীপে একটি শরণার্থী শিবির পরিদর্শনে গেলে সেখানে আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।
মোরিয়া ক্যাম্পের শরণার্থীরা পোপকে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে এবং তাদের সাহায্য করার আবেদন জানায়।
পোপ তাদের সান্ত্বনা দিয়ে বলেন, “হতাশ হবেন না। কারণ আপনারা একা নন।”
সেইসঙ্গে আন্তর্জাতিক বিশ্বকে শরণার্থীদের প্রতি ‘সর্বজনীন মানবতা’ দেখানোর অনুরোধ জানান তিনি।
মোরিয়া ক্যাম্পে তিন হাজারের বেশি শরণার্থীর বাস। যাদের অনেকেই গত বছর থেকে সেখানে অবস্থান করছে।
গত মাসে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে নতুন একটি চুক্তির কারণে হাজার হাজার শরণার্থী এখন লেসবস দ্বীপে আটকা পড়েছে, যাদেরকে চুক্তির আওতায় তুরস্কে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
মানবাধিকার লঙ্গন হওয়ার অভিযোগে অনেকেই ইইউ-তুরস্ক চুক্তির সমালোচনা করছে।
যদিও ভ্যাটিকানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, পোপের এই সফর সম্পূর্ণ মানবিক এবং ধর্মীয় প্রকৃতির। একে শরণার্থীদের বিতাড়নের সমালোচনা হিসেবে দেখা ঠিক হবে না।”
পোপ ফ্রান্সিস গ্রিসের লেসবস দ্বীপের একটি শরণার্থী শিবির পরিদর্শনে গেলে তার কাছে সাহায্যের আবেদন করে শরণার্থীরা।
পোপ প্রথমে একদল বালকের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বালকেরা আত্মীয়-পরিজন ছাড়া নিজেরাই বিপদসংকুল সমুদ্রে ভেসে পড়েছিল।
একটি বালিকা পোপের হাতে নিজের আঁকা একটি ছবি তুলে দিলে পোপ বলেন, “সাবাস, সাবাস।” নিজের সঙ্গীদের তিনি বলেন, “এটা ভাঁজ করো না। আমি আমার ডেস্কে এটা রাখতে চাই।”
সেখানে দেওয়া বক্তৃতায় পোপ বলেন, “ক্যাম্পে অবস্থান করা শরণার্থীরা অকল্পনীয় আত্মত্যাগ করেছে। চরম এই মানবিক সঙ্কট মোকাবেলায় আমি আন্তর্জাতিক বিশ্বের মনযোগ আকর্ষণ করছি। আপনারা সর্বজনীন মানবিকতা দেখান।”
শরণার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “আমরা একজন আরেকজনকে সবচেয়ে সুন্দর যে উপহারটি দিতে পারি তা হলো ভালবাসা।”
