২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানিব্যাগ আনতে হেলিকপ্টার!

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের গভর্নর রবার্ট বেন্টলির ফেলে আসা মানিব্যাগ ফিরিয়ে আনতে পুলিশের একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 05:40 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

এ কাজে রাজ্য সরকারের কোষাগার থেকে চার হাজার ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

২০১৪ সালের শেষ দিকে বেন্টলি তার সাগরপাড়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাজ্যের তুসকালুসা শহর ছেড়ে যান। পাঁচ ঘন্টার গাড়িভ্রমণ শেষে ওই বাড়িতে পৌঁছে তিনি টের পান নিজের মানিব্যাগটি তিনি তুসকালুসায় রেখে এসেছেন।

তিনি নিজের নিরাপত্তা দায়িত্বে থাকা লোকজনকে মানিব্যাগটি নিয়ে আসতে বলেন। ফ্লাইট লগে দেখা যায়, মানিব্যাগটি ফিরিয়ে আনতে রাজ্য পুলিশের একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল।

যৌন-কেলেঙ্কারির জন্য পদত্যাগের দাবির মুখে থাকা বেন্টলি এ ঘটনায় আত্মপক্ষ সমর্থন করে বলেন, তিনি হেলিকপ্টার ব্যবহার করে তার মানিব্যাগ আনতে বলেননি।

তিনি বলেন, “আমি অনুরোধ করেছি, তারা আমার মানিব্যাগ এনে দিয়েছে। কীভাবে তারা তা এনেছে আমি জানি না। হেলিকপ্টার দিয়ে আনার অনুরোধ করিনি আমি।”

“আমি গভর্নর, নিরাপত্তার কারণেই মানিব্যাগটি ফিরিয়ে আনা দরকার ছিল। আর আমার টাকারও দরকার ছিল। খাওয়ার জন্য আমাকে কিছু কিনতে হয়। পরিচয়পত্রও সঙ্গে থাকা দরকার।”

এ প্রসঙ্গে অ্যালাবামার আইন প্রয়োগকারী সংস্থার প্রধানরা ভিন্ন ভিন্ন কথা বলেছেন।

একজন  বলেছেন, গভর্নরের সাবেক দেহরক্ষী তাকে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি দিয়েছিলেন।

অন্যজন বলেছেন, তাকে কখনোই ওই মানিব্যাগের কথা জানানো হয়নি এবং তিনি হেলিকপ্টারের ব্যবহার অনুমোদন করেন না। 

মঙ্গলবার রাজ্যটির আইনপ্রণেতারা কথিত যৌন-কেলেঙ্কারির দায়ে বেন্টলিকে অভিশংসনের জন্য প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছে।